পুবের কলম ওয়েব ডেস্ক: কলকাতার একাধিক রাস্তার পাশাপাশি এবার শহরের মেট্রো স্টেশনগুলিরও নাম পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে মনে করছে রাজ্য সরকার গঠিত নামকরণ কমিটি। কমিটির মতে, কিছু মেট্রো স্টেশনের বর্তমান নামকরণ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। সেই কারণে সংশ্লিষ্ট এলাকার নাম অনুযায়ী স্টেশনগুলির নাম বদলের জন্য কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার কলকাতা পুরসভায় নাম বদল কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ সদস্যের কমিটির প্রথম বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা তথাগত রায়, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্ত, কলকাতার পুর-কমিশনার স্মিতা পান্ডে এবং রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন-সহ কমিটির অন্যান্য সদস্যরা।
মেট্রো স্টেশনের পাশাপাশি এদিনের বৈঠকে কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত হয়েছে, শহরের রাস্তায় আর কোনও বিদেশি নামের ছোঁয়া রাখা হবে না। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় সংস্কৃতির সঙ্গে যাঁদের দূরদূরান্তেও কোনও সম্পর্ক নেই, এমন ব্যক্তিদের নাম রাস্তা থেকে মুছে ফেলা হবে। প্রথম দফায় লেনিন ও হো চি মিন সরণি-সহ কলকাতার মোট ১৬টি রাস্তার নাম বদল করা হচ্ছে বলে জানা গিয়েছে। রাস্তার নতুন নামকরণের ক্ষেত্রে ভারতের ইতিহাসে অবদান রয়েছে এমন মণীষী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রাধান্য দেওয়া হবে। কমিটি সূত্রে খবর, এমন একাধিক নামের প্রস্তাব ইতিমধ্যেই ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন মিললে নাম চূড়ান্ত করে রাজ্য সরকারের দপ্তরে পাঠাবে কমিটি এবং এরপর সরকার বিধানসভায় সেই প্রস্তাব পেশ করবে।