পুবের কলম, ওয়েবডেস্ক: বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ২০২১ সাল থেকে এ পর্যন্ত রাজ্যে মোট ৬,৭০৫ জনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। শুক্রবার ‘বাল্য, অকাল ও জোরপূর্বক বিবাহ দূরীকরণ আন্তর্জাতিক দিবসে’ এই সরকারি পরিসংখ্যান প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কন্যাশিশুদের অধিকার ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই তাঁর সরকারের প্রধান অগ্রাধিকার বলে এদিন পুনরায় স্পষ্ট করে দেন তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে রাজ্যে বাল্যবিবাহ সংক্রান্ত মামলায় ১৩২ জন এবং ২০২২ সালে ২৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

তবে ২০২৩ সালে রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু হতেই গ্রেপ্তারের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়ায় ৪,৮৫৩ জনে। এরপর ২০২৪ সালে ৬২৩ জন, ২০২৫ সালে ১৭৩ জন এবং চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আরও ৬৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম দফার রাজ্যব্যাপী অভিযানে ৪,৩৮৭টি মামলা রুজু করে ৩,৪২৫ জনকে গ্রেপ্তার করা হয়। ওই বছরেরই অক্টোবরে দ্বিতীয় দফার অভিযানে ৬৮২টি মামলায় ৯১৩ জন এবং ২০২৪ সালের ডিসেম্বরে তৃতীয় দফার বড় অভিযানে চার শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সরকারের এই অভিযান সাফল্য পেলেও নাগরিক সমাজ ও আইনজীবীদের একাংশ এই নীতির সমালোচনা করেছেন। তাঁদের মতে, কেবল গ্রেপ্তারি দিয়ে এই সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব নয়; এর জন্য দারিদ্র্য দূরীকরণ, শিক্ষার প্রসার, সামাজিক সচেতনতা এবং পরিবারগুলির আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা জরুরি। অভিযানের প্রাথমিক পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক পদক্ষেপের অভিযোগ উঠলেও সরকার তা সরাসরি নাকচ করে দিয়েছে।

শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃঢ়তার সঙ্গে জানান, কোনো শিশুর শৈশব বা ভবিষ্যৎ নষ্ট করে তাকে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা চলবে না এবং এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সরকারের লড়াই আগামী দিনেও অব্যাহত থাকবে।