পুবের কলম, ওয়েবডেস্ক: একদিকে মধ্যপ্রদেশ বিধানসভায় নারী ক্ষমতায়ন নিয়ে বিশেষ অধিবেশন চলছে, ঠিক সেই সময়ই রাজ্যে নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা প্রকাশ্যে এল। আলিবাজপুরে এক মহিলা সরকারি আধিকারিককে "জ্যান্ত পুঁতে ফেলা" এবং "দাঁত ভেঙে দেওয়ার" হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী নগর সিং চৌহানের ভাই ইন্দর সিং চৌহানের বিরুদ্ধে।

এফআইআর অনুযায়ী, গত ২২ এপ্রিল আলিবাজপুরের জনপদ পঞ্চায়েত অফিসে এই নজিরবিহীন ঘটনাটি ঘটে। কন্যদান প্রকল্পের অধীনে কিছু অযোগ্য আবেদন বাতিল করে দিয়েছিলেন সিইও প্রিয়া কাগ। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ইন্দর সিং চৌহান দলবল নিয়ে অফিসে চড়াও হন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, চৌহান কেবল অকথ্য ভাষায় গালিগালাজই করেননি, বরং প্রিয়া কাগের পথ আটকে তাঁর দিকে তেড়ে যান। তিনি হুমকি দেন, "সব এখানে আমার ইচ্ছায় চলে... বেশি বাড়াবাড়ি করলে তোকে জ্যান্ত পুঁতে দেব।"

ঘটনার পর ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয় এবং ২৪ এপ্রিল ইন্দর সিংকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই উচ্চ রক্তচাপ ও অসুস্থতার কারণ দেখিয়ে আদালত থেকে জামিন পেয়ে যান তিনি। পুলিশ সুপার রঘুবংশ সিং ভাদোরিয়া জানান, সরকারি কাজে বাধা ও অপরাধমূলক হুমকির অভিযোগে মামলা হয়েছে।

প্রসঙ্গত, ইন্দর সিং চৌহানের অপরাধের ইতিহাস অত্যন্ত দীর্ঘ। গত ৩২ বছরে তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, ডাকাতি এবং অগ্নিসংযোগের মতো ২৫টিরও বেশি মামলা নথিভুক্ত হয়েছে। অথচ আজ পর্যন্ত একটি মামলাতেও তিনি দোষী সাব্যস্ত হননি।

এদিকে, এই ঘটনার পর থেকে গভীর আতঙ্কে রয়েছেন সিইও প্রিয়া কাগ। বর্তমানে তাঁকে সশস্ত্র দেহরক্ষী দেওয়া হয়েছে। প্রিয়া বলেন, "আমি নিজের কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন ফিল্ড ভিজিট বন্ধ করে নিজেকে অফিসের কাজে সীমাবদ্ধ রেখেছি।"