পুবের কলম, ওয়েবডেস্ক: আগামী বছরের জানুয়ারি মাসে ভারত সফরে আসবে অষ্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সিরিজের পাঁচটি টেস্ট ম্যাচের দিন ও ভেন্যু ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টেস্ট ম্যাচগুলি হবে যথাক্রমে নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি এবং আহমদাবাদে। এ দিকে কলকাতায় কোনও টেস্ট না থাকায়, সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। এই বিষয়ে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

তিনি জানান, ইডেনে টেস্ট হলে ভালোই লাগত, তবে দেশের অন্য ভেন্যুগুলিতেও টেস্ট আয়োজিত হওয়া উচিৎ। 

এক প্রতিক্রিয়ায় সৌরভ বলেন, ‘ইডেনে বড় টেস্ট ম্যাচ হওয়া সবসময়ই দারুণ। প্রাক্তন ক্রিকেটার এবং সিএবি প্রেসিডেন্ট হিসেবে আমি অবশ্যই চাই ইডেনে টেস্ট হোক। আমরা ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ আয়োজন করেছি। তারপরে টি-২০ বিশ্বকাপের ম্যাচ এবং আইপিএলের ম্যাচ আয়োজন করেছি।

’ তিনি আরও বলেন, ‘ভারতের বিভিন্ন স্টেডিয়ামের মান খুবই ভালো। চেন্নাইয়ে টেস্ট হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে। গুয়াহাটি ও রাঁচির মত ভেন্যুতেও ম্যাচ হচ্ছে, যেখানে সুযোগ-সুবিধা চমৎকার। ইডেনে ম্যাচ আয়োজনের যতই ইচ্ছে থাকুক না কেন, দেশের অন্য ভেন্যুগুলিকেও সুযোগ দিতে হবে।’
 
 ভারত-অষ্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি
 প্রথম টেস্ট - ২১-২৫ জানুয়ারি, নাগপুর
 দ্বিতীয় টেস্ট - ২৯ জানুয়ারি - ২ ফেব্রুয়ারি, চেন্নাই
 তৃতীয় টেস্ট - ১১-১৫ ফেব্রুয়ারি, গুয়াহাটি
 চতুর্থ টেস্ট - ১৯-২৩ ফেব্রুয়ারি, রাঁচি
 পঞ্চম টেস্ট - ২৭ ফেব্রুয়ারি - ৩ মার্চ, আহমদাবাদ।