দীর্ঘ প্রতীক্ষার অবসান। আজ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু হল। বিধানসভা নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ১ জুন থেকেই এই প্রকল্প কার্যকর করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ঘোষণামতো রবিবার থেকেই রাজ্যের সরকারি বাসে ভাড়া ছাড়াই যাতায়াত করছেন মহিলা যাত্রীরা।

পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, বাসে উঠলেই মহিলা যাত্রীদের হাতে তুলে দেওয়া হচ্ছে ‘জিরো ব্যালেন্স’ টিকিট।

শুধু স্বল্প দূরত্বের রুট নয়, দূরপাল্লার সরকারি বাসেও মিলছে এই সুবিধা। যাত্রীদের পরিচয় যাচাইয়ের জন্য আধার কার্ড, ভোটার পরিচয়পত্র, ১০০ দিনের কাজের কার্ড, আয়ুষ্মান ভারত কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, পেনশন সংক্রান্ত পরিচয়পত্র, সরকারি চাকরির পরিচয়পত্র, শিক্ষাপ্রতিষ্ঠানের আইডি কার্ড-সহ বিভিন্ন সরকারি নথি গ্রহণ করা হচ্ছে।

সরকার জানিয়েছে, আপাতত বৈধ পরিচয়পত্র দেখিয়েই এই পরিষেবা পাওয়া যাবে। তবে ভবিষ্যতে অপব্যবহার রোধে প্রত্যেক যোগ্য মহিলা যাত্রীর জন্য বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। ওই কার্ডে যাত্রীর নাম, ছবি এবং একটি কিউআর কোড থাকবে।

স্মার্ট কার্ড পেতে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে বিডিও বা এসডিও দফতরে জমা দিতে হবে। যদিও এই কার্ড বিতরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। ততদিন পর্যন্ত বিভিন্ন সরকারি পরিচয়পত্র দেখিয়েই বিনামূল্যে বাসযাত্রার সুবিধা মিলবে।

এদিন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নারীশক্তির ক্ষমতায়নের স্বপ্নকে বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি দাবি করেন, নির্বাচনের আগে দেওয়া ‘ভরসার শপথ’ বাস্তবায়ন করেই রাজ্যের পাহাড় থেকে সমতল— সব সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা চালু করা হয়েছে।

রাজ্য সরকারের দাবি, মহিলাদের নিরাপত্তা, সামাজিক অগ্রগতি, স্বনির্ভরতা এবং অধিকারকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি মহিলা যাত্রীদের এক বড় অংশ।