পুবের কলম ওয়েব ডেস্কঃ ১০ দিন জেলে থাকার পরর জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে ইভিএম নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছিল। আজ শুক্রবার কলকাতার সিজেএম আদালতের বিচারক তাঁকে অন্তর্বর্তী জামিন দেন। 

গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে তিনি উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। এছাড়াও ইভিএম মেশিন নিয়ে গুজব ছড়িয়েছিলেন বলেও অভিযোগ।

তিনি প্রশ্ন তুলেছিলেন, ভালো করে রাখার পরেও কেন ইভিএম খারাপ হয়ে যাচ্ছে ভোট গণনার সময়? ভোটারদের উদ্দেশ্যে তিনি পরামর্শ দিয়েছিলেন, ভোট দিয়ে বেরিয়ে যাওয়ার আগে যেন ভালোভাবে ভিভিপ্যাট দেখে নেওয়া হয়। এর পাশাপাশি নির্বাচন কমিশনের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, কমিশনের বিরুদ্ধে শোভাযাত্রায় অনুমতি দেওয়া হয়নি। এনিয়ে তাঁর বিরুদ্ধে ময়দান থানায় অভিযোগ দায়ের করে নির্বাচন কমিশন।
তার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে আদরশ আচরণ বিধি ভং এবং সাইবার আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। ময়দান থানায় অভিযোগ দায়ের হওয়ার পর সেখান থেকে অভিযোগ যায় কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায়। রাজ্যে নতুন সরকার গঠনের কয়েকদিন পরেই গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কলকাতা সাইবার সেলের পুলিশ। গত ১২ মে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এদিন আদালতে জামিনের আবেদন জানান গর্গ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তার ভিত্তিতে জামিন মঞ্জুর করেন বিচারক। ২০০০ টাকার বন্ডে তাঁর মঞ্জুর করেছে আদালত।