পুবের কলম ওয়েবডেস্কঃ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই একাধিক জায়গায় দলের একাংশের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। একাধিক বিদায়ী বিধায়ক প্রকাশ্যে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। সময় গড়ালেও সেই ক্ষোভ ও গোষ্ঠীদ্বন্দ্ব পুরোপুরি থামেনি। এই পরিস্থিতিতেই সোমবার নারায়ণগড়ের নির্বাচনী সভা থেকে সরাসরি বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বিক্ষুব্ধদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, দলের অন্দরে অশান্তি বরদাস্ত করা হবে না।
আরও পড়ুন:
এদিনের সভা থেকে মমতা বলেন, টিকিট না পাওয়া মানেই দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়।
তাঁর কথায়, “যাঁরা মানুষের সঙ্গে থাকবেন, মানুষের জন্য কাজ করবেন, তাঁরাই টিকিট পাবেন। আর যদি কেউ না পান, তা নিয়ে অসন্তোষের কোনও কারণ নেই। আমি কাউকে অসম্মান করিনি।” দলনেত্রী এদিন আরও বোঝাতে চান যে দলীয় শৃঙ্খলা ভাঙা বা প্রকাশ্যে বিরোধিতা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। তিনি বলেন, “একবার টিকিট পেয়েছি বলে পরেরবারও পাব এমন কোনও নিয়ম নেই। কখনও পাওয়া যায়, কখনও পাওয়া যায় না। কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে থাকা এবং একসঙ্গে কাজ করা।”এরপর আরও কড়া সুরে মমতা বলেন, “টিকিট পাইনি বলে বিরোধিতা শুরু করা ঠিক নয়। মানুষ এই ধরনের আচরণ ভালো চোখে দেখে না। সবাইকে সম্মানের সঙ্গে বলছি, ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন, মানুষের সঙ্গে থাকুন।”আরও পড়ুন:
উল্লেখ্য, ২০২৬ সালের তৃণমূলের প্রার্থী তালিকায় বড়সড় রদবদল করা হয়েছে। দলের প্রায় ৭৪ জন বিদায়ী বিধায়ক এবং চার জন মন্ত্রী এবারের নির্বাচনে টিকিট পাননি।
এরপরেই তাঁদের মধ্যে কয়েকজন প্রকাশ্যে হতাশা বা অভিমান ব্যক্ত করেন। কেউ কেউ সক্রিয় রাজনীতি থেকে দূরে সিরে দাঁড়ানোর কথাও ঘোষণা করেনে। গতকাল মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগে প্রার্থী অসন্তোষ ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন। এরপর সভা থেকে একই বিষয়ে কড়া সতর্কবার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, কেউ যদি দলকে চাপে রাখতে বিশৃঙ্খলার পথ বেছে নেন, তাহলে দল তা মেনে নেবে না এবং প্রয়োজন হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছিলেন, সেখানে জেন তাঁকেই প্রার্থী মনে করা হয়। এবার নারায়ণগড়ের সভা থেকে কার্যত সেই একই বার্তা আরও একবার স্পষ্ট করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।