পুবের কলম,ওয়েবডেস্ক: মনে ‘প্রেমের বাতি’ জ্বললে সব  বাধায় তুচ্ছ ও নগণ্য মনে হয়। আর সেই কথায় ফের একবার স্মরণ করিয়ে দিল বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা দুই বন্দি। জেলের মধ্যেই পরিচয়। তারপর বন্ধুত্ব।
অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।

জানা গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া দুই বন্দি খুনের দায়ের জেলে রয়েছেন। অসমের বাসিন্দা আবদুল হাসিম একটি খুনের ঘটনায় যুক্ত থাকার অপরাধে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে দীর্ঘ ৮ বছর ধরে জেলবন্দি রয়েছেন। অন্যদিকে বীরভূমের বাসিন্দা শাহানারা খাতুন ছয় বছর ধরে একটি খুনের ঘটনায় জেলবন্দি।
আর সেখানে থেকেই দু’জনের আলাপচারিতা আর তারপর মন দেওয়া-নেওয়া।  সম্পর্কের প্রাথমিক পর্যায়ে উভয়েই নিজেদের পরিবারকে বিয়ের জন্য রাজি করান। তারপর ৫ দিনের প্যারলে মুক্তি নিয়ে মুসলিম রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এদিন মন্তেশ্বরের  কুসুমগ্রামে হাসিম ও শাহানারার চার হাত এক করালেন মানবাধিকার সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি।