ইরানের সামরিক বাহিনীর জন্য অস্ত্র ও শাহেদ ড্রোন তৈরির কাঁচামাল সংগ্রহে সহায়তার অভিযোগে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, এই ব্যক্তি ও সংস্থাগুলি একটি আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহে সহযোগিতা করছিল।

মার্কিন প্রশাসনের অভিযোগ, নিষেধাজ্ঞার তালিকায় থাকা সংস্থাগুলির মধ্যে কয়েকটি চীন, হংকং, দুবাই ও বেলারুশে সক্রিয়। এদের মধ্যে চীনভিত্তিক ইউশিতা সাংহাই ইন্টারন্যাশনাল ট্রেড কোং লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি কো-অপারেশনের হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। 

ওয়াশিংটনের দাবি, এই সংস্থা ইরানের অস্ত্র ও প্রযুক্তি সংগ্রহ কার্যক্রম সমন্বয় করে থাকে এবং চীন থেকে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা চালিয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে দুবাইভিত্তিক একটি জ্বালানি সংস্থাও। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, তারা হংকংয়ের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইরানের অস্ত্র সংগ্রহে আর্থিক সহায়তা দিয়েছে। একই সঙ্গে হংকংয়ের এইচকে হেসিন ইন্ডাস্ট্রি কোং লিমিটেড এবং বেলারুশভিত্তিক আর্মরি অ্যালায়েন্স এলএলসির বিরুদ্ধেও মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার অভিযোগ তোলা হয়েছে।

বেলারুশে অবস্থানরত ইরানি নাগরিক মোহাম্মদ মাহদী মালেকি এবং আর্মরি অ্যালায়েন্সের প্রধান নির্বাহী মোহাম্মদ আলী তোলিবভের নামও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ইরানের সামরিক সরঞ্জাম সংগ্রহ নেটওয়ার্কের সঙ্গে যুক্ত।