পুবের কলম ওয়েব ডেস্কঃ নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে বিপত্তি। রোপওয়েতে আটকে পড়লেন কয়েকশো পর্যটক। প্রায় ৩০০ জন পর্যটক উত্তর কাশ্মীরের গুলমার্গে এলাকায় গন্ডোলা রাইডে আটকে পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর সেখানে উদ্ধারকাজ শুরু করে সেনাবাহিনী।
আরও পড়ুন:
জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরে অত্যন্ত জনপ্রিয় হল এই গন্ডোলা রাইড যা আসলে একপ্রকারের রোপওয়ে।
কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার জম্মু ও কাশ্মীরের গুলমার্গ কেবল কারে একটি বড় ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে জনপ্রিয় গন্ডোলা পরিষেবা বন্ধ হয়ে যায়। তারফলে মাঝ আকাশে আটকে পড়েন পর্যটকরা। ঘটনায় তাঁদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে। এশিয়ার অন্যতম উচ্চতম এই রোপওয়ে থমকে যাওয়ার পরেই পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। ঘটনার পরপরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনীর কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রশাসনিক সুত্রে জানা গিয়েছে, পর্যটকদের কেবিনগুলো থেকে সাবধানে নিচে নামিয়ে আনা হয়। সন্ধ্যার মধ্যেই বেশ কিছু পর্যটককে নিরাপদে নামিয়ে আনা হয়।আরও পড়ুন:
এবিষয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, সরকার পরিস্থিতির ওপর নজর রেখেছে। তিনি আশ্বাস দেন যে উদ্ধারকাজ সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে।
আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সকল পর্যটকের নিরাপদ উদ্ধার করার কাজ চলছে। এবিষয়ে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহাও পরিস্থিতির ওপর নজর রাখেন। পুলিশের ডিজিকে এই উদ্ধার অভিযান তদারকি করার নির্দেশ দেন। তিনি জানান, সকল পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, সেনাবাহিনী, এসডিআরএফ এবং জেলা কর্মকর্তাদের দল যৌথভাবে কাজ করছে।