পুবের কলম ওয়েব ডেস্কঃ প্রথম দফার ভোটের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। তার আগে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বিধি নিষেধ আরোপ করছে নির্বাচন কমিশন। এবার বেড়াতে যাওয়ার ওপরেও আরোপ করা হল বিধি নিষেধ। দিঘা, মন্দারমণি, তাজপুর এই সব পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের উদ্দেশ্যে কড়া নিরদেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।

নির্দেশে বলা হয়েছে আজ মঙ্গলবার বিকেলের মধ্যেই এই সব পর্যটনস্থল ছেড়ে চলে যেতে হবে। 

এনিয়ে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, বাইরের কোনও নেতা বা রাজনৈতিক ব্যক্তিত্ব এই সব পর্যটনকেন্দ্রগুলিতে থাকতে পারবে না। ইতিমধ্যেই কমিশনের সেই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে।

তারপরেই এই মর্মে হোটেল, গেস্ট হাউসগুলির তরফেও জানিয়ে দেওয়া হয়েছে বাইরের কোনও ব্যক্তি সেখানে থাকতে পারবে না। এই নির্দেশ কার্যকর থাকবে আজ মঙ্গলবার ২১ এপ্রিল বিকেল থেকে ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের দিন পর্যন্ত। জানা গিয়েছে, এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই দিঘা, মন্দারমণি, তাজপুর এই সমস্ত এলেকায় মাইকিং করে প্রচার শুরু করে কমিশন। সেখানে থাকা পর্যটকদের বলা হয়েছে আজ বিকেল ৫ টার মধ্যে এলাকা ছেড়ে যেতে হবে।
আচমকা এমন নির্দেশের ফলে স্বাভাবিকভাবেই চরম সমস্যায় পড়েন বহু পর্যটক। একইসঙ্গে বলা হয়েছে, বাইরের একালার কেউ এই সময়ে থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নিয়ম লঙ্ঘন হলে ভারতীয় ন্যায় সংহিতার ২০২৩ সালের ২২৩ নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানানো হয়েছে। 

উল্লেখ্য, ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে ১৫২ টি আসনে। যারমধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের সবকটি আসন। জেলার রামনগর বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে দিঘা, মন্দারমনি, তাজপুর, উদয়পুর, শংকরপুর-সহ সবকটি জনপ্রিয় পর্যটন স্থল। ফলে কমিশনের নির্দেশে স্বাভাবিকভাবেই এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে বিধি নিষেধ থাকছে।