পুবের কলম প্রতিবেদক:  রাজ্য সরকারের পাঠানো তালিকা থেকেই বীরভূম-সহ চার জেলার নয়া জেলাশাসকদের বেছে নিল নির্বাচন কমিশন। পূর্ব মেদিনীপুরে নতুন জেলাশাসক হলেন ২০১০ সালের আইএএস ক্যাডার জয়শী দাশগুপ্ত। ঝাড়গ্রামের নতুন জেলাশাসক পদে বসেছেন ২০০৭ ব্যাচের আইএএস মৌমিতা গোদারা বসু। পূর্ব বর্ধমান জেলায় জেলাশাসকের দায়িত্ব পেয়েছেন ২০১১ ব্যাচের আইএএস কে রাধিকা আয়ার এবং বীরভূমে ২০১২ ব্যাচের আইএএস শশাঙ্ক শেঠি।

আগামিকাল শনিবার সকাল ১০টার মধ্যে নতুন জেলাশাসকদের হাতে দায়িত্ব তুলে দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আচমকাই বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের জেলাশাসককে অপসারণের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। ওই অপসারিত চার জেলাশাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন। তাঁরা ডব্লিউবিসিএস আধিকারিক। তাই তাঁদের জেলাশাসক পদ থেকে সরানো হয়েছে।