পুবের কলম ওয়েব ডেস্ক: দ্বিতীয় দফায় আনুষ্ঠানিকভাবে লোকসভায় 'আসন পুনর্বিন্যাস বিল' বা ডিলিমিটেশন বিল পেশের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংসদের বিশেষ অধিবেশনের আগেই সংবিধানের ১১৭(৩) ধারা অনুযায়ী লোকসভায় এই বিল বিবেচনার সুপারিশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল লোকসভার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে রাষ্ট্রপতির সুপারিশ চেয়েছিলেন। এই বিল পাশ হলে তার যাবতীয় খরচ দেশের সঞ্চিত তহবিল থেকে বহন করা হবে, আর সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া এ ধরনের বিল সংসদে পাশ করানো যায় না।


শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা মোট তিনটি বিল পেশের অনুমোদন দিয়েছে সংবিধান (১৩২তম সংশোধনী) বিল, আসন পুনর্বিন্যাস (দ্বিতীয়) বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। গত এপ্রিল মাসে লোকসভায় ব্যর্থ হওয়া পুরনো বিলটি প্রত্যাহার করে আগামী ৩০ নভেম্বর এই নতুন বিলগুলি পেশ করা হবে। নতুন বিলের প্রস্তাব অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে লোকসভা এবং বিধানসভার আসন ৫০ শতাংশ বাড়বে। এর ফলে লোকসভার সর্বোচ্চ আসন সংখ্যা ৫৫০ থেকে বেড়ে ৮৫০ এবং বিধানসভার সর্বোচ্চ আসন ৫০০ থেকে বেড়ে ৬৫০ হবে। এ ছাড়া ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির আসনের অনুপাত অপরিবর্তিত থাকবে এবং ২০২৯ সালের নির্বাচনের আগেই ৩৩ শতাংশ মহিলা সংরক্ষণ চালু করা হবে।

অন্যদিকে, এই বিল রুখতে তৎপর হয়ে উঠেছে বিরোধী শিবির। শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই বিলকে গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেছেন। সংবিধান সংশোধনের মাধ্যমে আসন পুনর্বিন্যাস বিল পাশ করাতে হলে লোকসভায় দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৬০ জন সাংসদের সমর্থন প্রয়োজন। বর্তমানে এনডিএ শিবিরের হাতে ৩২০ জন সাংসদ রয়েছেন, ফলে বিলটি পাশ করাতে তাদের আরও ৪০ জন সাংসদের সমর্থন দরকার। ইতিমধ্যেই শরদ পওয়ারের দল এনসিপি-র ৮ জন সাংসদ এবং স্ট্যালিন এই বিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। শরদ পওয়ারের দল সমর্থন জানালে এনডিএ-র পক্ষে সংখ্যাটি বেড়ে ৩২৮-এ দাঁড়াবে।