পুবের কলম, ওয়েবডেস্ক: ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস’-এর নাম ব্যবহার করে দশম শ্রেণির ভুয়ো উত্তীর্ণ শংসাপত্র বিক্রির অভিযোগে অসমে তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত শাখা। দশম শ্রেণির পরীক্ষার নথি জাল ও অপব্যবহারের অভিযোগে সিআইডি থানায় দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতেরা হলেন মরিগাঁও জেলার জাগিরোডের বাসিন্দা ভরত গৌড়, বরপেটা জেলার দীপ কুমার সরকার এবং অভয়াপুরীর উৎপল দাস। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে এঁরা জাল দশম শ্রেণির পাসের শংসাপত্র বিক্রি করতেন।
কীভাবে এই নথিগুলি তৈরি করা হতো, কারা এর বণ্টনের দায়িত্বে ছিল এবং এই চক্রের পেছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।আরও পড়ুন:
এই গ্রেপ্তারির পেছনে অসমে উচ্চমাধ্যমিক প্রথম বর্ষে (একাদশ শ্রেণি) ভর্তির ক্ষেত্রে সন্দেহজনক সিআইএসসিই শংসাপত্র ব্যবহারের এক বৃহৎ কেলেঙ্কারি জড়িয়ে রয়েছে। অসম রাজ্য স্কুল শিক্ষা পর্ষদ-এর দ্বিতীয় বিভাগের নথি যাচাইকরণ প্রক্রিয়ায় এই বিপুল অনিয়ম সামনে আসে। পর্ষদের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মোট ৪,৯৩৪ জন শিক্ষার্থী সিআইএসসিই-র নামাঙ্কিত সন্দেহজনক শংসাপত্র ব্যবহার করে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।
এর মধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ২,০৮৩ জন এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ২,৮৫১ জন পড়ুয়ার ভর্তির তথ্য মিলেছে।আরও পড়ুন:
নথি যাচাইয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, সিআইএসসিই-র অনুমোদন না থাকা সত্ত্বেও ৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠান কাউন্সিলের নাম ব্যবহার করে শংসাপত্র ইস্যু করেছে। অথচ গোটা অসম ও অরুণাচল প্রদেশ মিলিয়ে মাত্র ২৮টি স্কুলের বৈধ সিআইএসসিই অনুমোদন রয়েছে। বিষয়টি জেলা স্তরেও ব্যাপক শোরগোল ফেলেছে। নগাঁও জেলায় ৮৮টি প্রতিষ্ঠানের ১,২৮৮ জন শিক্ষার্থীর নথিতে অনিয়ম ধরা পড়ার পর ৭৫টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান পুলিশের কাছে এফআইআর দায়ের করেছে।