পুবের কলম ওয়েব ডেস্ক:  সংসদের বিশেষ অধিবেশন ঘিরে তৈরি হওয়া টানটান উত্তেজনার মধ্যেই তড়িঘড়ি দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজেই এই সফরের কথা জানান। মমতার অভিযোগ, তাঁর দলের সাংসদদের ভয় দেখানো হচ্ছে। আর সেই কারণেই পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি দিল্লির উদ্দেশে রওনা হচ্ছেন।


সাংবাদিকদের মমতা জানান, প্রবীণ নেতারা তাঁকে বারবার ফোন করছেন। যদিও তিনি কারও নাম প্রকাশ করতে চাননি। তাঁর কথায়, প্রবীণ নেতারা তাঁর যাওয়ার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থাও করেছিলেন, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেছেন। দিল্লি পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন তৃণমূলনেত্রী।

আগামী সোমবার থেকে শুরু হতে চলা সংসদের তিনদিনের বিশেষ অধিবেশনে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে মরিয়া এনডিএ সরকার। এই পরিস্থিতিতে সব রাজনৈতিক শিবিরই নিজেদের মতো করে অঙ্ক কষতে শুরু করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যাওয়া ২০ জন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা ৮ জন—সব মিলিয়ে মোট ২৮ জনকেই নিজেদের শক্তি হিসেবে গণ্য করছে কালীঘাট শিবির।
এরই মধ্যে শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে দলের সমস্ত লোকসভা সাংসদের উদ্দেশে তিন লাইনের হুইপ জারি করা হয়েছে। তাতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত দলীয় লাইন মেনে ও তাকে সমর্থন জানাতে সমস্ত সাংসদকে লোকসভায় বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকতে হবে; কোনও কারণেই অনুপস্থিতি মেনে নেওয়া হবে না। এই গুরুত্বপূর্ণ আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।