উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,মথুরাপুর : রেলওয়ে প্লাটফর্ম নীচু থাকায় সমস্যার সম্মুখীন শিয়ালদহ দক্ষিন শাখার মথুরাপুর রোড রেলস্টেশনের কয়েকহাজার রেলযাত্রীরা। দীর্ঘ প্রায় ৫ বছরেরও অধিক সময় ধরে এই অসুবিধা চলে আসছে। প্লাটফর্ম নীচু থাকায় ট্রেন এবং প্লাটফর্মের মধ্যে অতিরিক্ত দূরত্ব সৃষ্টি হয়েগেছে। ফলে ট্রেনে নামা বা ওঠার ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। রেলযাত্রীদের অভিযোগ মথুরাপুর রোড রেলওয়ে স্টেশনের এই দূরবস্থার কথা প্রশাসনের সর্বস্তরে জানিয়েও কোনো কাজ হয়নি।যদিও এই স্টেশনটি এলাকার গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে আগেই পরিচিত।সুন্দরবনের যাবার অন্যতম রেল স্টেশন এটি।শীতের সময়ে বহু মানুষ সুন্দরবনে যাবার জন্য এই স্টেশনে নেমে রায়দীঘি হয়ে সুন্দরবনে বেড়াতে যায়।এছাড়া প্রতিদিন এই স্টেশন দিয়ে প্রায় বিশ হাজার যাত্রী ওঠানামা করেন।গুরুত্বপূর্ণ এই স্টেশন দিয়ে মথুরাপুর,ঘোড়াদল,পাথরপ্রতিমার একাংশ, রায়দিঘী, মন্দিরবাজার, বিষ্ণুপুর সহ বহু এলাকার মানুষজন যাতায়াত করেন। এই প্লাটফর্ম নীচু থাকায় সমস্ত রেলযাত্রীদের লাফ মেরে নীচে নামতে হচ্ছে। ফলে মাঝে মধ্যে এর ফলে দূর্ঘটনা ঘটছে। বয়স্ক এবং মহিলাদের খুবই অসুবিধা হচছে। অসুস্থ রোগী এবং শিশুদের নামানোও বিপজ্জনক হয়ে উঠছে মাঝে মধ্যেই।এ নিয়ে স্থানীয় বাসিন্দা তথা স্থানীয় ব্যবসায়ী পরিতোষ হালদার বলেন, এই সমস্যার দ্রুত সমাধান হলে ভালো হয়। বর্তমানে সমস্যা আরও ব্যাপক আকার নিয়েছে। প্রায়শই দূর্ঘটনা ঘটছে এই স্টেশনে। যদিও এই সমস্যা কিছু মাসের মধ্যেই সমাধান করার আশ্বাস দিলেন মথুরাপুর রোড স্টেশনের স্টেশন ম্যানেজার প্রশান্ত মিরিখ।তবে রেল দফতর সূএে জানা গেল,শিয়ালদহ দক্ষিনশাখার বেশ কয়েকটি স্টেশনে এই সমস্যা আছে।মেরামতেরকাজ চলছে।দ্রুত সমাধান হয়ে যাবে।




























