পুবের কলম, ওয়েবডেস্ক : অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। আহত ৫৪। ওড়িশার বালাসোরের ভয়াবহতা ফের উসকে দিল অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনা। স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে রেলমন্ত্রক। অন্ধ্রপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ট্যুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তাঁর প্রশ্ন, ‘কবে ঘুম ভাঙবে রেলের?’
আরও পড়ুন:
জানা গিয়েছে, এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষের জেরেই প্যাসেঞ্জার ট্রেনটির ৩টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে আলামান্দা স্টেশনের কাছে।
নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে, বাকিদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে। আহতদের মধ্যে ৩৯ জনকে ভিজিয়ানগরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, উদ্ধারকাজ জারি আছে।আরও পড়ুন:
ট্রেন দুর্ঘটনায় একাধিক গাফিলতির তথ্য সামনে এসেছে। সিগন্যাল পেরিয়ে ট্রেনটি নিয়ে এগিয়ে গিয়েছিলেন ট্রেনের চালক। আর তার জন্যই কি রেল দুর্ঘটনা অন্ধ্রপ্রদেশে! এক সিনিয়র রেলওয়ে অফিসার অন্ধ্রপ্রদেশের ট্রেন দুর্ঘটনা নিয়ে এমনই তথ্য দিয়েছেন। তার বক্তব্য ট্রেনের চালক রেড সিগন্যাল লক্ষ্য করেননি।
দুর্ঘটনার কারণের নেপথ্যে সিগন্যাল লক্ষ্য না করার মতো ঘটনা যেমন রয়েছে, তেমনই রয়েছে রেলকর্মীর গাফিলতির তথ্য।আরও পড়ুন:
ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু ভাইজাগ-রায়গাদা লোকো পাইলটের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মন্তব্য করেছেন। রেলওয়ে সূত্রের খবর, লোকো পাইলট সংকেত বুঝতে পারেননি।
আরও পড়ুন:
ভিজিনাগারাম জেলায় প্যাসেঞ্জার ট্রেনের বেলাইন হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। রেলপথ মন্ত্রক হেল্পলাইন নম্বর খুলেছে।
ত্রাণসামগ্রী সহ ট্রেন এবং অন্যান্য উদ্ধার সরঞ্জাম দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য আড়াই লক্ষ ও স্বল্প আহতদের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যথাসম্ভব দ্রুত ত্রাণের ব্যবস্থা সহ বেশি সংখ্যায় অ্যাম্বুল্যান্স পাঠানো হচ্ছে। রেল মন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, বহু ট্রেন বাতিল সহ গতিপথ ঘোরানো হয়েছে। দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনের লাইনে কীভাবে পালাসা এক্সপ্রেস ট্রেনটি এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে রেলওয়ে সেফটি কমিশনকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।আরও পড়ুন:
ইস্ট কোস্ট রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বিশ্বজিৎ সাহু বলেছেন, এই ঘটনার জেরে কমপক্ষে ১৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ২২টির গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। ০৮৫২৭ রায়পুর-বিশাখাপত্তনম প্যাসেঞ্জার স্পেশাল, ০৮৫২৮ বিশাখাপত্তনম থেকে রায়পুরের মধ্যে চলাচলকারী প্যাসেঞ্জার স্পেশাল, এছাড়াও আরও ১৮টি ট্রেন সোমবার বাতিল থাকছে। বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। যার মধ্যে রয়েছে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেস, ভুবনেশ্বর-মুম্বই কোনারক এক্সপ্রেস, বারাউনি কোয়েম্বাটুর এক্সপ্রেস সহ আরও বেশ কয়েকটি ট্রেন। হাওড়া থেকে ঘুরপথে চালানো চলছে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস, ১২২৪৫ হাওড়া-বেঙ্গালুরু দূরন্ত এক্সপ্রেস।