পুবের কলম,ওয়েবডেস্ক: ৪৪ বছরের রেকর্ড ভেঙে বুধবার যমুনার জলস্তর পৌঁছল ২০৭.৫৫ মিটারে। এর আগে ১৯৭৮ সালে জলস্তর উঠেছিল ২০৭.৪৯ মিটার। তবে এই জলস্তর আরও বাড়ার আশঙ্কায় প্রশাসন। আগাম সতর্কতা হিসেবে বন্যা প্রবণ এলাকাগুলিতে দিল্লি পুলিশ জারি করেছে ১৪৪ ধারা।
পরিস্থিতির অবনতি হওয়ায় জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

 ট্যুইটারে তিনি  জানান, ‘সেন্ট্রাল ওয়াটার কমিশন পূর্বাভাস দিয়েছে আজ রাতে যমুনার জলস্তর পৌঁছতে পারে ২০৭.৭২ মিটারে যা দিল্লিবাসীর জন্য একেবারেই সুখবর নয়। দিল্লিতে গত দু’দিন কোনও বৃষ্টিপাত না হলেও হরিয়ানার হস্তনিকুণ্ড ব্যারেজে অস্বাভাবিক পরিমাণে জল ছাড়ার জন্য যমুনার জলস্তর বেড়েছে।’ সোমবার বিকেল পর্যন্ত যে জলস্তর ছিল ২০৫.৪ মিটার এর ১৮ ঘণ্টার মধ্যেই সেই জলস্তর বিপদসীমা ছাড়িয়ে যায়।

যমুনার জলস্তর বাড়তে থাকায় দিল্লির নিচু এলাকাগুলি ছাপিয়ে শহরে হু হু করে জল ঢুকছে। ইতিমধ্যেই বহু এলাকা প্লাবিত হয়েছে। মনাস্ট্রি মার্কেট, কাশ্মীরি গেট, রিং রোডে বাসিন্দাদের ঘরে জল ঢুকতে শুরু করেছে।

সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরানোর কাজ চলছে।
রিং রোডে বালির বস্তা ফেলে অস্থায়ী বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাসিন্দাদের উদ্ধারের জন্য বড় বড় গাড়ি নিয়ে আসা হয়েছে।

দিল্লির জলমন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, পরিস্থিতির মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত। তাঁর কথায়, আমার গোটা পরিস্থিতির উপর নজর রাখছি। দিল্লির মন্ত্রী আতিশি মারলেনা সংবাদ সংস্থাকে জানান, যমুনার জলস্তর বাড়লেও সরকার প্রতি মুহূর্তের নজর রাখছে। জায়গায় জায়গায় অস্থায়ী বাঁধ দিয়ে জলের স্রোত রোখার প্রচেষ্টা চলছে, যাতে শহরের বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করতে না পারে।