পুবের কলম, ওয়েবডেস্ক: অভিযোগ অবৈধ অভিবাসী। ৩০ বছর ধরে ভারতে বসবাসকারী এক বাংলাদেশি পরিবারের তিনজনকে গ্রেফতার করল মুম্বাই পুলিশ।

পুলিশ সূত্রের খবর, গত বছরের ২৪ নভেম্বর, মুম্বাই পুলিশের মানব পাচার বিরোধী সেলের (এএইচটিসি) আধিকারিকরা বাংলাদেশি দম্পতির ফ্ল্যাটে অভিযান চালায়। তারা মহারাষ্ট্রের নভি মুম্বাইয়ের ভাশির জুহুগাঁওয় এলাকায় থাকতেন। পুলিশি অভিযানে অবৈধ বাংলাদেশি অভিযোগে শারো আবতাব শেখ (৪৮), তার স্ত্রী সালমা সারো শেখকে (৩৯) গ্রেফতার করে তদন্তকারীরা।

ওই দম্পতির নথি পরীক্ষায় অসঙ্গতি মেলে বলেও অভিযোগ। গ্রেফতারের পর থেকে তদন্ত করছিল পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি তাঁদের ফ্ল্যাটের মালিকানার নথি, আধার, প্যান, পাসপোর্ট, ভোটার আইডি ও রেশন কার্ড দেখান। পশ্চিমবঙ্গের জয়নগরের একটি গ্রামীণ হাসপাতাল থেকে ইস্যু করা তাঁদের বার্থ সার্টিফিকেটও দেখান ওই দম্পতি। কিন্তু তাতে অসঙ্গতি দেখা যায়।

রবিবার (২ ফেব্রুয়ারি) বার্থ সার্টিফিকেট সত্যতা যাচাই করতে তদন্তকারীদের একটি দল জয়নগরের গ্রামীণ হাসপাতালে গিয়েছিল। তারপরই দক্ষিণ ২৪ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) মুম্বই পুলিশকে জানায়, ওই দম্পতির পেশ করা বার্থ সার্টিফিকেট জাল ও ভুয়ো।

Read More: ধর্ম নিয়ে সস্তার রাজনীতি করি না: বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর

অভিযোগ, নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে বগনা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ওই দম্পতি। তারা এদেশে অবৈধভাবে সব পরিচয়পত্র বানিয়ে নেয়। ধৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই দম্পতির ভোটার কার্ডও ভুয়ো এবং তারা বাংলাদেশি নাগরিক বলে তথ্য পেয়েছে পুলিশ। এই ঘটনার পর রবিবার ওই দম্পতির ভারতে জন্ম নেওয়া ২২ বছর বয়সী ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।