পুবের কলম ওয়েবডেস্ক :
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিন দিনের সরকারি সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ শুরুর পর এটি তেহরানের প্রথম উচ্চপর্যায়ের কূটনৈতিক সফর। বৃহস্পতিবার (১৪ মে) এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
আরাগচি মূলত ব্রিকসের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতে এসেছেন।
আরাগচির ভারতে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাকি যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে নয়াদিল্লিতে পৌঁছানো ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচিকে আন্তরিক স্বাগতম।
আরাগচি বিমানটিতে করে আসেন, তার নাম ছিল ‘মিনাব ১৬৮’—যা প্রতীকীভাবে মিনাব শহরের একটি স্কুলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৬৮ জন শিশুর স্মরণে রাখা হয়েছে।
আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে হরমুজ প্রণালির পরিস্থিতি। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হয়।
বিশ্লেষকদের মতে, ভারত আলোচনায় জোর দেবে যেন হরমুজ প্রণালির মাধ্যমে বাকি বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা হয়।
এছাড়া ব্রিকসের বৈঠকে সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গেও সাক্ষাৎ করবেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট এবং বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব এই বৈঠকের আলোচনায় প্রধান বিষয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।