ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপিকে এক হাত নিল তৃণমুল। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ৬০টিরও বেশি দোকানে আগুন লাগিয়েছে।
সেই ঘটনার তীব্র নিন্দা করে তিনি প্রশ্ন তোলেন, “এটাই কি বাংলায় ভয় দূর করার রাজনীতি? বাংলাকে জ্বালিয়ে দিয়েই কি ‘ভয় আউট’ করা হবে?”অভিষেক তাঁর পোস্টে লেখেন, “হিন্দু-মুসলিম নির্বিশেষে সাধারণ মানুষের দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে। অসংখ্য পরিবার জীবিকা হারিয়েছে। খেজুরির নিচকাসবা গ্রাম পঞ্চায়েতের হিজলি শরিফে যা ঘটেছে, তা চরম বর্বরতা ছাড়া আর কিছু নয়।”
তাঁর অভিযোগ, এই হামলা কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং বাংলার সামাজিক সম্প্রীতি ও গণতান্ত্রিক পরিবেশের উপর পরিকল্পিত আঘাত। বিজেপির রাজনীতি ঘৃণা, ভয় দেখানো ও ধ্বংসের উপর দাঁড়িয়ে রয়েছে বলেও দাবি করেন তিনি।
পোস্টের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তাঁর কথায়, “বাংলা কখনও এই হিংসার রাজনীতির সামনে মাথা নত করবে না।”