পুবের কলম ওয়েবডেস্ক: রাতভর তুমুল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা ও লাগোয়া এলাকা। সল্টলেকসহ শহরের বিস্তীর্ণ অংশ প্লাবিত। বহু বাড়ির একতলায় জল ঢুকে পড়েছে, রাস্তায় ও গ্যারাজে দাঁড়ানো গাড়িও তলিয়ে গেছে। রেললাইনে জল জমে ট্রেন চলাচল বিপর্যস্ত।

পুজোর প্রস্তুতিও ভেস্তে গেছে—ভেঙে পড়েছে নির্মীয়মাণ মণ্ডপ, ভেসে গেছে সরঞ্জাম। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এমন দুর্যোগ দেখা যায়নি। সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি মধ্যরাতের পর ভয়াবহ আকার নেয়।

প্রায় পাঁচ ঘণ্টা টানা বৃষ্টিতে নীচু এলাকা তলিয়ে যায়।

অনেকেই বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংযোগ বন্ধ করেছেন। স্থানীয়রা জলবন্দিদের উদ্ধার ও গাড়ি সরাতে সাহায্য করেছেন। মঙ্গলবার সকালেও বৃষ্টি থামেনি, আবহাওয়া দফতর আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

ফলে বানভাসি এলাকায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পুর প্রশাসন ভোর থেকে পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা করছে, তবে অতিরিক্ত জল জমায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম।