পুবের কলম, ওয়েবডেস্ক: ভাঙড়কে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ে দলীয় প্রার্থী শওকত মোল্লার সমর্থনে প্রচারে গিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভাঙড়ের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, শওকত মোল্লার উপর হামলার ছক কষা হচ্ছে। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, “শওকতের কিছু হলে কাউকে ছাড়া হবে না।”

ভাঙড়ের তৃণমূল প্রার্থীর নিরাপত্তা প্রত্যাহারের প্রসঙ্গ তুলে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজেপি শওকতের নিরাপত্তা তুলে নিতে চাইছে।

ওর উপর কোনও হামলা হলে আমি ছেড়ে কথা বলব না। দরকার হলে আমার নিরাপত্তা তুলে নিয়ে শওকতকে দিক।” তাঁর অভিযোগ, বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই বিরোধী প্রার্থীদের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে।

আগামী ২৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার একাধিক কেন্দ্রে ভোট। তার আগে জেলার বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বারুইপুরের সভা সেরে তিনি পৌঁছন ভাঙড়ে।

সেখানে ভাঙড়, ক্যানিং পূর্ব ও ক্যানিং পশ্চিম-সহ একাধিক কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে প্রচার করলেও তাঁর বক্তব্যের কেন্দ্রবিন্দুতে ছিলেন শওকত মোল্লা।

এর আগে শওকত মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক ছিলেন। এবার তৃণমূল নেতৃত্ব তাঁকে ভাঙড়ে প্রার্থী করেছে। আইএসএফের দখলে থাকা এই কেন্দ্র পুনরুদ্ধার করতে শওকতের সাংগঠনিক দক্ষতার উপর আস্থা রেখেছে দল। সেই বার্তাই এদিন জনসভা থেকে স্পষ্ট করেন মমতা। তিনি বলেন, “আমি বাঁ হাত হলে শওকত আমার ডান হাত।

ভাঙড়ে শওকতকে জেতান, আপনারা যা চাইবেন তাই করে দেব।”

বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী আরও বলেন, “বিজেপির নেতারা ২০টা করে নিরাপত্তা নিয়ে ঘুরবেন, আর আমাদের প্রার্থীদের নিরাপত্তা কেড়ে নেওয়া হবে—এটা চলতে পারে না। আমি গুন্ডাদের ভয় পাই না, কিন্তু বিজেপির এই চক্রান্তের জবাব মানুষই দেবে।”

তৃণমূল নেত্রীর এই আক্রমণাত্মক অবস্থান স্পষ্ট করে দিচ্ছে, ভাঙড়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। রাজনৈতিক মহলের মতে, আইএসএফের দখলে থাকা এই আসন পুনর্দখল করাই তৃণমূলের অন্যতম লক্ষ্য। সেই কারণে শওকত মোল্লাকে সামনে রেখে ভোটের লড়াইকে মর্যাদার লড়াই হিসেবে দেখছে দল।