ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধের বিরোধিতা করে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা। স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ অন্তত ৬০ জনকে আটক করেছে।

সোমবার (২০ এপ্রিল) ‘অ্যাবাউট ফেস’ নামের একটি সংগঠনের ব্যানারে ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির বিরুদ্ধে কংগ্রেসকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের মতে, যুদ্ধ ঠেকানোর সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে এবং সেই দায়িত্ব এখনই পালন করা জরুরি।

বিক্ষোভে অংশ নেওয়া সাবেক সেনাসদস্যরা বলেন, সাধারণ মানুষ ও সাবেক সেনাদের আজ কংগ্রেসকে স্মরণ করিয়ে দিতে হচ্ছে যে, তাদের যুদ্ধ রোধে সক্রিয় হতে হবে। অনেকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে ইরাক যুদ্ধের পূর্ববর্তী সময়ের মিল টেনে বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর জন্য আবারও পুরোনো অজুহাত ব্যবহার করা হচ্ছে।

এক বিক্ষোভকারী বলেন, “আমরা অতীতে যুদ্ধের ভয়াবহতা দেখেছি। সেই একই ভুল আর হতে দেওয়া যায় না।” সাবেক সেনাদের মতে, ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাত অপ্রয়োজনীয়, ব্যয়বহুল এবং অত্যন্ত বিপজ্জনক হতে পারে।

বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেয়। কিন্তু আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি চালিয়ে গেলে পুলিশ বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেয়। এরপর অন্তত ৬০ জনকে আটক করা হয়। ঘটনার পর কংগ্রেস ভবনের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

এই বিক্ষোভে শুধু সাবেক সেনারাই নন, বর্তমানে কর্মরত সেনাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, নতুন যুদ্ধ শুরু হলে আরও বহু সেনার জীবন ঝুঁকির মুখে পড়বে এবং এর প্রভাব দীর্ঘমেয়াদি হবে।