পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল মহিলারা বিনামূল্যে বাসে যাতায়াত করতে পারবেন। সেই প্রতিশ্রুতি মতোই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সোমবার দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে একথা জানান রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

 

সিদ্ধান্ত অনুযায়ী, মহিলারা সমস্ত ধরনের সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। কম দুরত্বে বাসের পাশাপাশি দুরপাল্লার বাসেও নিখরচায় ভ্রমণ কোর্টে পারবেন মহিলারা। এই নিয়ম কার্যকর হবে আগামী ১ জুন থেকে। কোন কোন মহিলারা এই সুবিধা পাবেন?

সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা এই সুবিধা পাবেন। সিএসটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি সব সরকারি বাসেই এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। যদিও মন্ত্রী জানিয়েছেন, সরকারি বাসের সংখ্যা এখন বাড়ানো হয়নি।
আগে যে সংখ্যায় বাস ছিল সেই পরিমাণ বাসই থাকছে। তবে জুন মাসে রয়েছে বাজেট। তাতে এই বিষয়টি মাথায় রাখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা। একই সঙ্গে রাজ্যে আরও বেশি সংখ্যায় নতুন বাস নামানোর পরিকল্পনার কথাও জানান তিনি। অগ্নিমিত্রা বনলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিকল্পনা রয়েছে আরও বেশি সংখ্যায় ইলেক্ট্রিক বাস নামানোর। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ১৫ দিন অন্তর অন্তর ক্যাবিনেট মিটিং হবে।