পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্বাচনের আগে বড় প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই সব প্রতিশ্রুতি কার্যকর করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে রাজ্যের মহিলারা রাজ্যের সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ইতিমধ্যেই বিস্তারিত নির্দেশিকা জারি করেছে পরিবহন দপ্তর। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের সমস্ত মহিলা এই প্রকল্পের আওতায় আসবেন।

পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের অধীন চলা সব সরকারি বাসে এই সুবিধা মিলবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস। শুধু সাধারণ সরকারি বাসেই নয়, দূরপাল্লার সরকারি বাসেও বিনামূল্যে যাতায়াত করা যাবে। কোন মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন সেবিষয়টিও নিশ্চিত করা হয়েছে।  

কীভাবে মিলবে এই সুবিধা

জানা যাচ্ছে, এই পরিষেবার জন্য মহিলাদের বিশেষ ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়া হবে।

ওই কার্ডে সংশ্লিষ্ট সুবিধাভোগী মহিলার নাম ও ছবি থাকবে। বাসে ওঠার সময় সেই কার্ড দেখালেই বিনামূল্যে যাত্রা করা যাবে। স্মার্ট কার্ড পেতে নিজের এলাকার বিডিও বা এসডিও দপ্তরে আবেদন জমা দিতে হবে। আবেদন করার সময় নির্দিষ্ট কিছু নথিও জমা দিতে হবে।

স্মার্ট কার্ড পেতে গেলে কী কী নথি প্রয়োজন?

 

পরিবহন দফতর সুত্রের খবর, পরিচয়পত্র হিসেবে নিচের যে কোনও একটি নথি জমা দেওয়া যাবে—

·         আধার কার্ড

·         ভোটার পরিচয়পত্র

·         জব কার্ড

·         স্বাস্থ্য কার্ড

·         ড্রাইভিং লাইসেন্স

·         প্যান কার্ড

·         পাসপোর্ট

·         ছবিযুক্ত পেনশনের নথি

·         স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র

·         এর সঙ্গে রঙিন পাসপোর্ট মাপের ছবিও জমা দিতে হবে।

স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত কী ব্যবস্থা থাকছে? 

দফতরের তরফে জানানো হয়েছে, ১ জুন থেকেই পরিষেবা চালু হবে। তাই সব মহিলার হাতে স্মার্ট কার্ড পৌঁছতে কিছুটা সময় লাগতে পারে। সেই কারণে আপাতত বিকল্প ব্যবস্থা হিসেবে দেওয়া হবে জিরো ভ্যালুর টিকিট। যাত্রার সময় যে কোনও সরকারি পরিচয়পত্র দেখালেই মহিলারা এই সুবিধা পাবেন অর্থাৎ বিনামূল্যে যাত্রা করতে পারবেন।