এক বিরল ও দৃষ্টিনন্দন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকল সৌদি আরবের পবিত্র মক্কা। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৮ মিনিটে পবিত্র কাবা শরিফের ঠিক মাথার ওপরে অবস্থান করে সূর্য। বিরল এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা বিশ্বজুড়ে মুসলমানদের জন্য কিবলার সঠিক দিক নির্ধারণের এক অনন্য সুযোগ এনে দেয়।
আরও পড়ুন:
জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি-র পরিচালক প্রকৌশলী মাজেদ আবু জাহরা জানিয়েছেন, ওই বিশেষ মুহূর্তে সূর্য কাবা শরিফের প্রায় সরাসরি ওপর দিয়ে অতিক্রম করে। সূর্যের কৌণিক অবস্থান ছিল ৮৯.৯৪ ডিগ্রি, অর্থাৎ পূর্ণ লম্ব অবস্থান থেকে মাত্র ০.০৬ ডিগ্রি দূরে।
ফলে মক্কায় খাড়াভাবে দাঁড়িয়ে থাকা বস্তুগুলোর ছায়া প্রায় অদৃশ্য হয়ে যায়।বিশেষজ্ঞদের মতে, এই ‘ছায়াহীন মুহূর্ত’ ব্যবহার করে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সূর্যের অবস্থান ও ছায়ার কোণ পর্যবেক্ষণ করে অত্যন্ত নিখুঁতভাবে কিবলার দিক নির্ণয় করা সম্ভব। এজন্যই ঘটনাটি মুসলিম বিশ্বে বিশেষ গুরুত্ব বহন করে।
আরও পড়ুন:
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের আপাত বার্ষিক গতির কারণে কর্কটক্রান্তি ও মকরক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলে বছরে দু’বার এমন ঘটনা ঘটে। আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, বহু শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন প্রান্তে মসজিদের কিবলা নির্ধারণ ও সংশোধনের কাজে এই ঘটনাকে ব্যবহার করে আসছেন গবেষক ও ইসলামি পণ্ডিতরা।
আরও পড়ুন:
পবিত্র কাবা শরিফ-কে কেন্দ্র করে ঘটে যাওয়া এই বিরল মহাজাগতিক দৃশ্য ধর্মীয় ও বৈজ্ঞানিক— উভয় ক্ষেত্রেই গভীর তাৎপর্য বহন করছে।