পুবের কলম,ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাসে বেড়ে চলেছে টমেটোর দাম। যার জেরে মধ্যবিত্তের হেঁসেলে আগুন লাগার অভিপ্রায়। এহেন পরিস্থিতিতে সুখের সংসারেও আগুন লাগাল টমেটো। শুনতে অবাক লাগলেও ইহা সত্য। অনুমতি না নিয়ে রান্নায়  মাত্র ২ টো টমেটো দেওয়ায় বাচ্চা নিয়ে ঘর ছেড়েছে স্ত্রীর । কোনও উপায় না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে হতভাগা স্বামী।
শুনতে হাস্যকর হলেও এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের শাডোল জেলায়।

জানা গেছে, অনুমতি না নিয়ে বউ এর জোগাড় করা টমেটো তরকারিতে দিয়ে দেয় মহিলার স্বামী। তারপরেই তেলে বেগুনে জ্বলে ওঠে সে। মুহূর্তের মধ্যে কন্যা সন্তান নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় সে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সঞ্জীব বর্মণ নামক ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। খাবার ডেলিভারি করার ব্যবসা করেন তিনি।
হঠাৎ এক খাবারের অর্ডারে ক্রেতা টমেটো দিতে বলায় স্ত্রীর নজর এড়িয়ে নিজের রান্নাঘরে সিঁদ কেটেছিলেন সঞ্জীব। কিন্তু স্ত্রীর তীক্ষ্ণ নজর এড়াতে ব্যর্থ হয় সে। বহু কষ্টে জমা রাখা ২ টো টমেটো নেই দেখে  তেলেবেগুনে জ্বলে উঠে স্ত্রী। ব্যাস আর কি! কালির রূপ ধারণ করে সে। শুরু হয় তুমুল অশান্তি।
রুদ্রমূর্তি ধারণ করে হনহনিয়ে গৃহত্যাগ করে সে। ঝগড়ার পরই স্ত্রী  তাঁদের একমাত্র মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন। এরকমটা ভেবে সঞ্জীব প্রথমে সেখানে যোগাযোগ করেন। কিন্তু, সেখানে খোঁজ না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানিয়েছে, তাঁর স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। খুব শীঘ্রই তিনি ফিরে আসবেন বলে কথা জানিয়েছেন।