আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: নেদারল্যান্ডস-সহ বেশ কয়েকটি দেশে অবৈধ পুলিশ স্টেশন খুলে রেখেছে চিন। গত মাসে প্রকাশিত স্পেন-ভিত্তিক মানবাধিকার সংগঠন সেফগার্ড ডিফেন্ডার্সের প্রতিবেদন এবং ডাচ বিদেশমন্ত্রকের সাম্প্রতিক বিবৃতিতে দাবি করা হয়, এই অবৈধ পুলিশ স্টেশনগুলিকে ভিন্নমতাবলম্বীদের হয়রানি এবং তাদের বেজিংয়ে ফিরিয়ে আনার লক্ষ্যে ব্যবহার করছে চিন। এই দাবির পর চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়ানবিন সব অভিযোগকে মিথ্যা বলে দাবি করেছেন। চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র অভিযোগগুলি অস্বীকার করে বলেন, স্টেশনগুলি ‘চিনা পরিষেবা কেন্দ্র’ ছিল যা মহামারি চলাকালীন অসহায় মানুষদের সহায়তায় ব্যবহার করা হয়েছে।
তিনি আরও বলেন, এই স্টেশনগুলির নিরাপত্তা কর্মকর্তারা আন্তর্জাতিক আইন কঠোরভাবে পালন করছে এবং অন্যান্য দেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে সম্মান করছে। এ দিকে ডাচ বিদেশমন্ত্রক বলছে যে, চিনা সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এই কেন্দ্রগুলি সম্পর্কে তাদের অবহিত করেনি তাই তাদের অবৈধ বলেই গণ্য করা হয়েছে। উল্লেখ্য, ১১০ ওভারসিজ: চাইনিজ ট্রান্সন্যাশনাল পুলিশিং গন ওয়াইল্ড শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে স্পেন-ভিত্তিক মানবাধিকার এনজিও সেফগার্ড ডিফেন্ডার্স। এতে বলা হয়, ইউরোপ, ব্রিটেন, আমেরিকা, কানাডা ও আয়ারল্যান্ড-সহ ৩০টি দেশে এ ধরনের ৫৪টি ‘অবৈধ’ চিনা স্টেশন রয়েছে।আরও পড়ুন: