পুবের কলম,ওয়েবডেস্ক: মেয়ে যে গাড়িতে নেই, তা খেয়ালই করেননি মা। ভেবেছিলেন পিছনের সিটেই রয়েছে একরত্তি শিশু। তাই নিশ্চিন্ত মনে গাড়ি পার্ক করছিলেন। কিন্তু চিৎকার শুনেই থমকে দাঁড়ান তিনি।
গাড়ি থেকে তড়িঘড়ি নেমে নিজের চোখকেও বিশ্বাস হয়নি তার। গাড়ির চাকায় পিষ্ঠ হয়ে ততক্ষণে রক্তাক্ত হয়ে গিয়েছে সন্তানের দেহ। তড়িঘড়িই সন্তানকে নিয়ে ছোটেন হাসপাতালে। কিন্তু চিকিৎসকরা বাঁচাতে পারেননি ১৩ মাসের শিশুকে।
মেয়ের মর্মান্তিক মৃত্যুর পর অপরাধবোধ থেকে পুলিশে খবর দেন মা। যদিও ঘাতক মায়ের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেনি পুলিশ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আমেরিকার আরিজোনার ইয়াভাপাই কাউন্টিতে। ইয়াভাপাই কাউন্টি শেরিফ অফিসের অপরাধ তদন্ত ব্যুরোর এক আধিকারিক জানিয়েছেন, নিজের সন্তানকে গাড়ি চাপা দিয়ে মারার অপরাধে জাফরিয়া থ্রনবার্গের বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। ১৩ মাসের সাইরার মর্মান্তিক মৃত্যুতে থ্রনবার্গ পরিবারে শোকের ছায়া নেমেছে।