পুবের কলম, ওয়েবডেস্ক: গঙ্গা পুজো সেরে বারাণসী থেকে মনোনয়ন জমা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত দুবারের প্রথা মেনে এদিনও মনোনয়ন জমা দেওয়ার আগে বারাণসীর কাল ভৈরব মন্দিরে গিয়ে পুজো দেন প্রধানমন্ত্রী। কাল ভৈরবের বিগ্রহের সামনে দাঁড়িয়ে আরতিও করেন তিনি। মঙ্গলবার বেলা ১১টা ৪০ নাগাদ বারাণসীর জেলাশাসকের দফতরে যান তিনি। সেখানে নিয়ম মেনেই মনোনয়ন পেশ করেন তিনি।

মোদির পরনে ছিল সাদা চুড়িদার কূর্তা নীল নীল রঙের মোদি জ্যাকেট।

গঙ্গা স্নান সেরে কাল ভৈরব মন্দিরে পুজো, বারাণসী কেন্দ্র থেকে মনোনয়ন জমা মোদির

প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগী আদিত্যনাথ। জেলাশাসকের অফিসে ছিলেন প্রপোজার পণ্ডিত জ্ঞানেশ্বর শাস্ত্রী, ব্রিজনাথ প্যাটেল, লালচাঁদ কুশওয়াহা এবং সঞ্জয় সোনকর। এর মধ্যে পণ্ডিত জ্ঞানেশ্বর শাস্ত্রী রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠার পূণ্য তিথি গণনা করেছিলেন। ব্রিজনাথ একজন ওবিসি।

তিনি আরএসএস কার্যকর্তা। এদিকে লালচাঁদও স্থানীয় ওবিসি সম্প্রদায়ভুক্ত। এবং সঞ্জয় একজন দলিত। বারাণসী কেন্দ্র থেকে গত দুবার লোকসভা নির্বাচনে জিতেছেন প্রধানমন্ত্রী। মন্দিরে মোদির সঙ্গে হাজির ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এই নিয়ে তৃতীয়বারের মতো বারাণসী থেকে লোকসভা নির্বাচনে লড়তে চলেছেন নরেন্দ্র মোদি। এর আগে ২০১৪ এবং ২০১৯ সালে এই আসন থেকে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালে প্রথম বার বারাণসী থেকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোদি। এই নিয়ে টানা তিন বার বারাণসী লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রার্থী হয়েছেন। বারাণসী কেন্দ্রে ভোটগ্রহণ ১ জুন।