লখনই, ১১ ফেব্রুয়ারি: বেফাঁস মন্তব্য করলেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক। এমএস স্বামীনাথনকে নিয়ে ভুল ব্যাখ্যা করলেন তিনি। স্বামীনাথন মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে অনেক কাজ করেছেন বলে দাবি করেন ব্রিজেশ পাঠক। কিন্তু স্বামীনাথন ছিলেন একজন কৃষি বিজ্ঞানী। তাঁর এই ভুলব্যাখ্যা নিয়ে ট্রোল শুরু হয়েছে সামাজিক মাধ্যমে।

এক নেটিজেন লিখেছেন, 'এটাই তাদের জ্ঞানের স্তর। তারা অবশ্যই শাখা শিল্পের পণ্য।'

 

সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারের ভিডিয়ো শেয়ার করেছেন সাংবাদিক মহম্মদ জুবেইর। ভাইরাল ভিডিয়োতে উপ-মুখ্যমন্ত্রীকে বলতে দেখা গিয়েছে, "স্বামীনাথন জি মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে মহান কাজ করেছেন।

তাঁর কাজের ফলে সমগ্র বিশ্বে ভারতের নাম উজ্জ্বল হয়েছে। মহাকাশ বিজ্ঞানে তাঁর বড় অবদান রয়েছে।" ওই ভিডিয়োটি শেয়ার করে অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা জুবেইর লেখেন, "এমএস স্বামীনাথন কৃষি বিজ্ঞানী ছিলেন। সংবাদ সংস্থা এএনআই সাক্ষাৎকারটি নিয়ে বিব্রত হয়েছে।" ভিডিয়োটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ট্রোলের শিকার হয়েছেন উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠক। অনেকেই কমেন্টে ট্রোল করে লিখেছেন, 'তিনি কৃষি মহাকাশের বোঝাতে চেয়েছেন', 'ছপামার মন্ত্রী হ্যায়'।