পুবের কলম, ওয়েবডেস্ক: এবার কি দিল্লির কোপে বঙ্গ বিজেপি! বেশ  কয়েকদিন ধরেই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছে। তার সাংগঠিক ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। এবার সেই পরিস্থিতিকে কড়া হাতে সামাল দেওয়ার জন্য আসরে নামল দিল্লির বিজেপি।

পরিস্থিতি সামাল দিতে গোয়ার নেতা সতীশ ধন্দকে নিয়ে এল বিজেপি।

সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর ডেপুটি হিসেবে কাজ করবেন সতীশ ধন্দ। সুকান্ত,  শুভেন্দু,  অমিতাভ শিবিরের ডানা ছাঁটল কেন্দ্রীয় নেতৃত্ব।

রাজ্য বিজেপির নতুন যুগ্ম সাধারণ সম্পাদক হলেন সতীশ ধন্দ। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এই রদবদলের কথা জানিয়েছেন।

দলের অন্দরে কোন্দল কোনও নতুন ঘটনা নয়।

সমস্যা মেটাতে একাধিকবার বঙ্গ বিজেপিকে বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে সেই ভাবে সুরাহা হয়নি। তাই এবার সরাসরি ব্যবস্থা নিল দিল্লির বিজেপি নেতৃত্ব। অমিতাভ চক্রবর্তীর সঙ্গে এবার থেকে বাংলায় সংগঠনের দায়িত্ব সামলাবেন গোয়ার সতীশ ধন্দ।

পশ্চিমবঙ্গ ছাড়াও মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও কর্ণাটকে বিজেপির কয়েকটি পদেও রদবদল করা হয়েছে।

সতীশ ধন্দ গোয়া বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন। এবার গোয়ার   পাশাপাশি বাংলার যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তিনি।