পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা রোগীকে পেসমেকার বসিয়ে নজির গড়ল বর্ধমান হাসপাতাল।  বাড়িতে থাকার সময় অসুস্থ হয়ে পড়েন আসু বিবি। বয়স প্রায় ৫০। পশ্চিম বর্ধমানের জামুরিয়ার শিবপুরের বাসিন্দা।

বাড়িতে থাকার সময় বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরিবারে লোকের কোনও রকম ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি করে দেন তাঁকে। পরীক্ষায় ধরা পড়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই মহিলা রোগী। তাঁর সম্পূর্ণ হার্ট ব্লক।
শনিবার তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা বিভাগে ভর্তি করা হয়েছিল। ভর্তির পর থেকে বারে বারে অজ্ঞান হয়ে পড়েন তিনি। বর্ধমান মেডিক্যালের মেডিসিন বিভাগের চিকিৎসকরা পরীক্ষার করে দেখেন হৃদরোগের পাশাপাশি করোনায় আক্রান্ত তিনি। এরপর কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন রোগীর হার্ট ব্লক।
তাঁরা দ্রুত পেসমেকার বসানোর পরামর্শ দেন। কিন্তু কোভিড আক্রান্ত রোগীর শরীরে পেসমেকার বসানো খুবই ঝুঁকির ব্যাপার।

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের এক পদস্থ আধিকারিক জানান,  সোমবারের মধ্যেই ওই  রোগী আসু বিবি শরীরে পেসমেকার বসানোর প্রয়োজনীয়তার ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছিল।  দেরি হয়ে গেলে প্রাণ সংশয়ে আশঙ্কা ছিল। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং অনাময় হাসপাতাল হৃদরোগের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সোমবারই অনাময় হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং দ্রুত পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার অস্ত্রোপচার করে পেসমেকার বসানো হয়।