পুবের কলম প্রতিবেদক: এবার ডেঙ্গুতে দক্ষিণ দমদমের এক কিশোরীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি ওই পুর এলাকায় জ্বরে অন্য এক যুবকের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত কিশোরী মধু সিংহ দমদমের দেবেন্দ্রনগরের বাসিন্দা। বেলেঘাটার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর সার্টিফিকেটে ডেঙ্গু শক সিনড্রোম ও হেমারেজিক  ফিভারের উল্লেখ রয়েছে বলে জানা গেছে।

কয়েক দিন আগে প্রবল জ্বরে আক্রান্ত হয় ওই কিশোরী।

তাঁকে দক্ষিণ দমদম পুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার মধু সিংহকে আমহার্স্ট  স্ট্রিট এলাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে থেকে পরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করানো হয়। মধুকে সিসিইউ-তে স্নানান্তরিত করা হয়।

সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত কিশোরীকে দমদমের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার পর ফের দক্ষিণ দমদমের পুর হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা। কিশোরীকে বাড়ি নিয়ে আসার পর পরিবারের লোকেদের মনে হয়েছিল মেয়ের শ্বাস ওঠা-নামা করছে। চিকিৎসকরা পরীক্ষা করে জানায় কিশোরী মারা গিয়েছে, বলে সূত্রের খবর।

অন্যদিকে,  প্রীতম ভৌমিক (৩৪) নামে একজনের মৃত্যু হয়েছে।

মৃত যুবক দমদম থানার অস্থায়ী হোমগার্ড ছিলেন। প্রীতম জ্বরে আক্রান্ত হন। জ্বর কাটিয়ে তিনি কাজেও যোগ দেন। শুক্রবার প্রীতম ফের অসুস্থ হয়ে পড়েন। তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয়।