পুবের কলম ওয়েব ডেস্ক: সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে অন্যতম চর্চিত নাম মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটচুরির মাধ্যমে শাসক শিবিরকে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিস্তর সরব হয়েছে বিরোধীরা, এমনকি তাঁকে অপসারণের জন্য ইমপিচমেন্ট প্রস্তাবও আনা হয়েছে। এবার সেই জ্ঞানেশ কুমারের হাতেই সম্ভবত গোটা দেশের আগামী দিনের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হতে চলেছে।
কেন্দ্রের প্রস্তাবিত আসন পুনর্বিন্যাস আইন পাশ হলে লোকসভা এবং বিভিন্ন রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির সীমানা নতুন করে নির্ধারণ করার জন্য একটি ডিলিমিটেশন কমিশন গঠিত হবে। কোন বিধানসভা কেন্দ্রে কোন এলাকা থাকবে, কোন লোকসভা কেন্দ্রের অধীনে কোন বিধানসভা পড়বে এবং কোন আসনগুলি মহিলা বা তফসিলি জাতি-উপজাতিদের জন্য সংরক্ষিত হবে, তার সবটাই স্থির করবে এই কমিশন।


কেন্দ্রের তৈরি খসড়া বিল অনুযায়ী, সুপ্রিম কোর্টের একজন কর্মরত বা অবসরপ্রাপ্ত বিচারপতি এই ডিলিমিটেশন কমিটির চেয়ারম্যান হবেন। পাশাপাশি পদাধিকার বলে কমিটির সদস্য থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার বা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট রাজ্যের নির্বাচন কমিশনাররা। সেই নিয়ম অনুযায়ীই ডিলিমিটেশন কমিশনের সদস্য হয়ে যাবেন জ্ঞানেশ কুমার। কেন্দ্রের পরিকল্পনা রয়েছে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই কমিশনের রিপোর্ট পেশ করার। যেহেতু মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমারের মেয়াদ ২৬ জানুয়ারি পর্যন্ত রয়েছে, তাই আসন পুনর্বিন্যাসের পুরো প্রক্রিয়াই তাঁর আমলে সম্পন্ন হবে।
ফলে তিনি নিজে অথবা তাঁর মনোনীত কোনও নির্বাচন কমিশনার দেশের রাজনৈতিক মানচিত্র নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
মূলত এই বিষয়টি নিয়েই প্রবল আশঙ্কায় রয়েছে বিরোধী শিবির। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আগে থেকেই বিজেপিকে সাহায্য করার অভিযোগ রয়েছে। বিরোধীদের ধারণা, ডিলিমিটেশনের ক্ষমতাও তাঁর হাতে চলে গেলে তাতে শাসকদল বিজেপিই সুবিধা পাবে। তাদের আশঙ্কা, প্রতিটি কেন্দ্রের সীমানা নতুন করে আঁকতে গিয়ে ‘জেরিম্যান্ডারিং’ অর্থাৎ নির্দিষ্ট কোনও দলকে সুবিধা পাইয়ে দেওয়ার মতো করে জনবিন্যাস ভাগ করা হতে পারে, আর সেই কাজটি হতে পারে জ্ঞানেশ কুমারের হাত দিয়েই।