পুবের কলম ওয়েব ডেস্ক: দলে শৃঙ্খলা ফেরাতে এবং তোলাবাজির মতো অপরাধ রুখতে ফের কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার কলকাতা জেলা সংগঠনের সঙ্গে বৈঠকে তোলাবাজি ও টাকা আদায়কে ‘সামাজিক ব্যাধি’ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি ক্ষমতার অপব্যবহার নিয়ে যে সমস্ত বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদেরও কড়া ভাষায় সতর্ক করে দিয়েছেন রাজ্য সভাপতি।
বৈঠকে শমীক ভট্টাচার্য জানান, বেশ কিছু বিধায়ক এলাকায় নিজস্ব গোষ্ঠী তৈরি করে কাউন্সিলর, কো-অর্ডিনেটর কিংবা মেয়রের মতো পদ দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। এ ধরনের কাজ কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি স্পষ্ট করে দেন।
এদিনের বৈঠকে মূলত বিজেপির ‘সেবাদূত’ কর্মসূচির রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক জানান, এই কর্মসূচির মাধ্যমে কর্মী, বিধায়ক ও পদাধিকারীদের ব্লক, শক্তিকেন্দ্র এবং মণ্ডল স্তর পর্যন্ত পৌঁছে জনসংযোগ বাড়াতে হবে। প্রতিটি জায়গায় একজন করে কার্যকর্তা গিয়ে সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনবেন এবং সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। এর মাধ্যমে সাধারণ মানুষকে কেন্দ্র ও রাজ্য সরকার অর্থাৎ বিজেপিমুখী করাই দলের লক্ষ্য। কর্মসূচিতে বিধায়ক ও সাংসদদের নিজেদের কেন্দ্র ছেড়ে অন্যত্র যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কর্মসূচির শুরুতে কিছুটা ব্যতিক্রম থাকছে। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত সংসদের জরুরি অধিবেশন থাকায় সাংসদরা ব্যস্ত থাকবেন। অন্যদিকে, ৪ থেকে ১৪ ডিসেম্বর বিধানসভা অধিবেশনের কারণে বিধায়কদের ওই সময়ের জন্য কর্মসূচি থেকে বাদ রাখা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্মদিন বা ‘সুশাসন দিবসে’ এই কর্মসূচি শেষ হবে। এরপর রাজ্য দপ্তর সবার কাছ থেকে রিপোর্ট সংগ্রহ করবে এবং মোর্চা-সহ বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের কাজের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে।