পুবের কলম, ওয়েবডেস্ক: সরকারি দপ্তরের গাম্ভীর্য ও প্রশাসনিক ভাবমূর্তি বজায় রাখতে এবার গুয়াহাটির জনতা ভবন বা অসম সচিবালয়ের অফিসার ও কর্মীদের জন্য কঠোর পোশাকবিধি চালু করল অসম সরকার। শুক্রবার প্রশাসনিক সংস্কার, প্রশিক্ষণ, পেনশন ও জনঅভিযোগ দপ্তরের তরফে জারি করা এক নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, অফিসে জিনস, লেগিংস, টিউনিক বা টি-শার্ট পরে আসা যাবে না। সচিবালয়ে কর্মরত সমস্ত আধিকারিক ও কর্মীদের এই নয়া নিয়ম বাধ্যতামূলকভাবে মেনে চলতে হবে।
আরও পড়ুন:
নির্দেশিকায় জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু কর্মীর পোশাক অত্যন্ত ‘দৃষ্টিকটু’ বলে প্রশাসনের নজরে এসেছে এবং এর ফলে সরকারের সার্বিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে।
কর্মক্ষেত্রে পেশাদারিত্ব এবং শালীনতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।আরও পড়ুন:
সরকারি নির্দেশিকায় পুরুষ ও মহিলা কর্মীদের জন্য আলাদাভাবে অনুমোদিত এবং নিষিদ্ধ পোশাকের তালিকা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পুরুষ কর্মী ও আধিকারিকদের ফর্মাল ট্রাউজারের সঙ্গে ফর্মাল শার্ট অথবা কুর্তা পরার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ধুতি বা পাজামার মতো ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক পরার ক্ষেত্রেও কোনো বাধা নেই।
তবে ক্যাজুয়াল টি-শার্ট বা জিনস সম্পূর্ণ নিষিদ্ধ। মহিলা কর্মী ও আধিকারিকদের শাড়ি, সালোয়ার-কামিজ অথবা অসমের ঐতিহ্যবাহী মেখলা-চাদর পরার নির্দেশ দেওয়া হয়েছে। জিনস, লেগিংস এবং টিউনিক জাতীয় পোশাক পরে অফিসে আসায় জারি হয়েছে কড়া নিষেধাজ্ঞা। কেবল পোশাকের ধরনই নয়, রঙের ক্ষেত্রেও নির্দিষ্ট সীমারেখা টেনে দিয়েছে প্রশাসন। অতিরিক্ত উজ্জ্বল বা চটকদার রঙের পরিবর্তে পরিচ্ছন্ন, মার্জিত এবং হালকা রঙের পোশাক পরতে বলা হয়েছে।