পুবের কলম ওয়েবডেস্ক: রবিবার ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে নামার আাগেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারতীয় দল। শুক্রবার  রাঁচিতে দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মা ব্রিগেড ৭ উইকেট জয়লাভ করে। অভিষেক  ম্যাচে ২৫ রানে ২ উইকেট নিয়ে সবার নজরে কেড়ে নিয়েছেন ভারতীয় পেসার হর্ষল প্যাটেল। তিনি  ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন।

ম্যাচে যখন  মনে হচ্ছিল নিউজিল্যান্ড বড় রান তুলতে চলেছে– তখনই ড্যারিল মিচেল এবং  গ্লেন ফিলিপসের  উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন  হর্ষল।

৯ বছর ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে লড়াই  করার পুরস্কার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর দিনেই  সফল হওয়া হর্ষল নিজেকে খুব বেশি প্রতিভাশালী  বলতে নারাজ।  তিনি বলেন– ‘আমাকে একদম শূন্য থেকে শুরু করতে হয়েছে। আমি প্রতিভাধর ক্রিকেটার নই।

নিজেকে ঘষেমেজে তৈরি করতে হয়েছে। অতীতে আমি অনেক ভুল করেছি এবং তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। কোন জিনিসটা আমার পক্ষে করা সম্ভব– আর কোনটা নয়– সেই সম্পর্কে অবগত হয়েছি। ক্রিকেট আমায় যা শিখিয়েছে– তা মাঠের বাইরের জীবনেও আমাকে সাহায্য করেছে।’