পুবের কলম,ওয়েবডেস্ক: কোনও ভাবেই আটকে রাখা যাচ্ছে না পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খানকে। দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে ইমরান ৩টি আসন থেকে লড়বেন বলে জানিয়েছে তাঁর দল। আগামী নির্বাচনে লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ আসন থেকে লড়বেন ইমরান খান। বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খান।
বুধবার কারাগারের বাইরে তাঁর আইনজীবী তথা পিটিআই নেতা আলি জাফর বলেন, ‘ইমরান খান আপনাদের জানাতে চান যে তিনি পাকিস্তানের তিনটি সংসদীয় আসন থেকে লড়বেন।
’ তিনি বলেন, ’তোশাখানা মামলার রায়কে চ্যালেঞ্জ করে ইমরানের আবেদনের ওপর ইসলামাবাদ হাইকোর্ট রায় প্রকাশ করবে। আমরা আশা করি, রায় দ্রুতই ঘোষণা হবে। কারণ, নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে।আরও পড়ুন:
রায় ইমরানের পক্ষে গেলে ভোটে লড়তে তাঁর আর কোনও বাধা থাকবে না।’ আইনজীবী আলি জাফর আরও বলেন, ’দলের কর্মীদের মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া অগণতান্ত্রিক চর্চা।
এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করব।’ এদিকে পিটিআই’র বর্তমান চেয়ারম্যান গহর খান বলেছেন, ‘আল্লাহ চাইলে খান সাহেব এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’আরও পড়ুন:
ইমরান খান দলীয় কর্মীদের মনোনয়নের কাগজপত্র জমা দিতে বলেছেন উল্লেখ করে গহর খান বলেন, কে দল থেকে মনোনয়ন পাবেন, তা ইমরান খানই নির্ধারণ করবেন। পিটিআই চেয়ারম্যান গহর খান আরও বলেন, দল চায় যেকোনও মূল্যে ৮ ফেব্রুয়ারি নির্বাচন হোক।
তিনি বলেন, হাতে যেটুকু সময় আছে, তা যথেষ্ট। একই সঙ্গে তিনি সব দলের জন্য সমান সুযোগ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।আরও পড়ুন:
গত ৫ আগস্ট ইসলামাবাদের একটি আদালত নির্বাচন কমিশনের দায়ের করা তোশাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সাজা দেয়। এর ফলে আগামী ৫ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন তিনি। পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই সাজা স্থগিত করে। তবে এখনও অন্যান্য মামলা চলায় ইমরান খান কারাগারেই আছেন। এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনে পাকিস্তানের সংসদীয় আসন-১৫ মানসেহরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই আসনটি তার দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) শক্ত ঘাঁটি।