পুবের কলম ওয়েবডেস্কঃ " চিরদিন কাহারো সমান নাহি যায়" এর সবচেয়ে বড় উদাহরণ হলেন বোধহয় পার্থ চট্টোপাধ্যায়। ছিলেন রাজ্যের দোর্দন্ড প্রতাপ মন্ত্রী, হেভিওয়েট রাজনৈতিক নেতা। ১৫ অগস্টে দিন ভর থাকতো ব্যস্ততা। রেডরোডে পতাকা উত্তোলন, তারপর একের পর এক অনুষ্ঠান।

তবে চলতি বছরে বদলে গিয়েছে সবকিছুই।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতারের পর এখন জেল হেফাজতে রয়েছেন পার্থ। আজ প্রেসিডেন্সি সংশোধনাগারের পায় সমস্ত আবাসিকরা পতাকা উত্তোলনে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও। ২৫০০ এর বেশি আবাসিক আছেন এই সংশোধনাগারে।

এই বিশেষ দিনে আবাসিকদের জন্য ছিল স্পেশাল মেনু।

ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল , আলু পটলের তরকারি, কাতলা কালিয়া, আমসত্ত্ব - খেজুরের চাটনি, মিষ্টি। সূত্রের খবর তৃপ্তি করে খেয়েছেন পার্থ। ভোজনরসিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইডি হেফাজতেও ভালোমন্দ খাবার বায়না জুড়তেন। জেল জীবনের সঙ্গে ক্রমশ মানিয়ে নিচ্ছেন। তাই জেলের মধ্যের অনুষ্ঠানেও বাড়ছে অংশগ্রহণ।