পুবের কলম ওয়েব ডেস্ক: ১০ বছর আগেও অনেকের বিয়েতে ছবি তোলা 'কম্পালসারি' ছিল না। এখন বিয়ের আগে প্রি ওয়েডিং শ্যুট যেন বিয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই বলে হাসপাতালের অপারেশন থিয়েটারে প্রি ওয়েডিং শ্যুট করতে হবে? এই প্রশ্ন করছে নেটিজেনরা।

এধরনের কাজ করার জন্যে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী বরখাস্ত করেছেন সরকারি হাসপাতালের এক চুক্তিভিত্তিক চিকিৎসককে। ঘটনাটি ঘটেছে চিত্রদূর্গের একটি জেলা হাসপাতালে।

হাসপাতালে প্রি ওয়েডিং শ্যুট ডাক্তারের, বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালের অপারেশন থিয়েটারে নকল রোগীকে শুইয়ে রেখে অপারেশনের অভিনয় করছেন চিকিৎসক, তাকে ছুরি–কাঁচি এগিয়ে দিয়ে সহায়তা করছে হবু স্ত্রী। তারপর সুস্থ হয়ে গিয়ে উঠে বসছে রোগী।

ভার্চুয়াল দুনিয়ার বন্ধুদের এই ভিডিয়ো দেখানোর জন্য শেয়ার করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হয়ে তা চোখে পড়ে স্বাস্থ্যমন্ত্রী দিনেশ গুন্ডা রাওয়ের। তারপরই চিকিৎসককে বরখাস্ত করার কথা এক্স হ্যান্ডেলে জানান তিনি। রাজ্যের অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও এধরণের আচরণ থেকে বিরত থাকার আবেদন জানান তিনি।