পুবের কলম,ওয়েবডেস্ক: জার্মানির রাজধানী বার্লিন শহরে একটি বড় আকারের বিড়াল জাতীয় প্রাণী ঘোরাফেরার খবর পাওয়ার পর বন্য পশুটির খোঁজ শুরু করেছে পুলিশ। পশুটি একটি সিংহী হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। স্বভাবতই স্থানীয় বাসিন্দারা এতে আতঙ্কিত। বৃহস্পতিবার ভোররাতে বার্লিন ও সংলগ্ন ব্র্যান্ডেনবার্গ প্রদেশের অনেক বাসিন্দার  ঘুম ভাঙে একটি সতর্কবার্তায়। এ সতর্কবার্তা একটি বন্য প্রাণী নিয়ে।
বার্লিনের দক্ষিণে ক্লাইনমাখোভ এলাকায় প্রাণীটিকে দেখতে পাওয়ার কথা জানান প্রত্যক্ষদর্শীরা। এই অঞ্চলের আকাশে পুলিশের হেলিকপ্টার চক্কর দিতে দেখা গেছে। পাহারায় রয়েছে পুলিশের গাড়িও। এ ছাড়া সন্দেহভাজন সিংহীটির অবস্থান শনাক্তে প্রযুক্তিগত নানা সরঞ্জাম নিয়ে মাঠে নেমেছে বার্লিন পুলিশের একটি ইউনিট। তবে এখনও পর্যন্ত প্রাণীটির সন্ধান পাওয়া যায়নি।
এর বুধবার সকালে ক্লাইনমাখোভ এলাকার শিল্পকারখানার কাছে খয়েরি রঙের একটি প্রাণী দেখতে পাওয়া যায়। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা তা আমলে নেয়নি। পরে বিকেলে এক কিশোর পুলিশকে জানায়, সে একটি মাঠের প্রান্তে একটি সিংহী দেখেছে। তারপরই সতর্ক হয় পুলিশ। ক্লাইনমাখোভের আশপাশের গ্রামের বাসিন্দাদের বাড়িতে থাকতে এবং দরজা-জানালা বন্ধ রাখতে বলা হয়েছে। ডে কেয়ার সেন্টার ও কিন্ডারগার্টেন থেকে শিশুদের পুলিশের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।