পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সব রাজনৈতিক দলগুলি। একদিকে তৃতীয়বারের মতো মসনদে বসতে মরিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যদিকে শাসকের থেকে চেয়ার কাড়তে উদ্যোগী বিরোধী শিবির । দু'পক্ষই ব্যস্ত নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে। লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল দলগুলি। সকলের নজর বিজেপি বনাম ইন্ডিয়া জোটের দিকে।
এরই মাঝে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার খবর নিয়ে তৈরি হয়েছে জল্পনা। জানা গেছে, আগামী ৭ থেকে ১০ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনের কর্মীরা রাজ্যগুলি ঘুরে খসড়া তৈরি করবে। অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণের রাজ্যগুলি দিয়ে এই কাজ শুরু করবেন তাঁরা। গুঞ্জন, আগামী ২২ তারিখ রামমন্দির উদ্বোধনের দিনই ২০২৪-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন।আরও পড়ুন:
উল্লেখ্য, চলতি মাসের ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন।
তার পরে ১ ফেব্রুয়ারি ভোটের বছরের বাজেট বা ‘ভোট-অন-অ্যাকাউন্ট’ পেশ হবে। অযোধ্যায় রামমন্দিরকে কেন্দ্র করে হিন্দু ভাবাবেগে ঢেউ তোলার চেষ্টার পর ওই বাজেটে মধ্যবিত্তদের জন্য আয়করে ছাড়-সহ নানা জনমুখী ঘোষণা হতে পারে বলেই সূত্রের খবর। বাজেট অধিবেশন চলবে পাঁচ-ছয় দিন।আরও পড়ুন:
সূত্রের খবর, লোকসভা ভোটের আগে তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে নিষ্কণ্টক জয় এমনিতেই খানিকটা অক্সিজেন যুগিয়েছে বিজেপিকে। তার মধ্যেই রাম মন্দির উদ্বোধনের আবহে হাওয়া এখন গেরুয়া শিবিরের দিকেই। সেই পরিস্থিতি জিইয়ে রেখে তার মধ্যেই ভোট করে ফেলতে পারলে তা বিজেপির জন্য সুফলদায়ক হবে বলেই মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল।