মাত্র পাঁচ দিনের ব্যবধানে ফের বাড়ল পেট্রল ও ডিজ়েলের দাম। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর করেছে তেল সংস্থাগুলি। গড়ে পেট্রল ও ডিজ়েলের ক্ষেত্রে লিটার প্রতি প্রায় ৯০ পয়সা পর্যন্ত মূল্যবৃদ্ধি হয়েছে। এর আগে গত শুক্রবারই দু’টি জ্বালানির দাম লিটার প্রতি গড়ে ৩ টাকা বাড়ানো হয়েছিল।

রাজধানী নয়াদিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ৮৭ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ টাকা ৬৪ পয়সা। ডিজ়েলের দাম বেড়েছে ৯১ পয়সা, নতুন দাম ৯১ টাকা ৫৮ পয়সা।

সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। শহরে পেট্রলের দাম লিটার প্রতি ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা।

ডিজ়েলের দামও ৯৪ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৭ পয়সা। ফলে সাধারণ মানুষের উপর চাপ আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

অন্যদিকে, মুম্বইয়ে পেট্রলের দাম বেড়ে হয়েছে ১০৭ টাকা ৫৯ পয়সা এবং ডিজ়েলের দাম ৯৪ টাকা ৮ পয়সা। চেন্নাইয়ে পেট্রলের নতুন দাম ১০৪ টাকা ৪৯ পয়সা, আর ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৬ টাকা ১১ পয়সায়।