পুবের কলম, ওয়েবডেস্ক: : রাত ঘরের বাইরে কাটানোর শাস্তি দিলেন বাবা। বাড়ি ফেরার পর, প্রথমে চুলির মুঠি ধরে ঘরের বাইরে নিয়ে গিয়ে কোনও ধারালো অস্ত্র দিয়ে খুন। এর পর ১৬ বছরের মেয়ের দেহ নিজের বাইকের সঙ্গে বাঁধেন বাবা। গোটা রাস্তা হেঁচরাতে হেঁচরাতে নিয়ে যান তিনি। রেললাইনের ধারে ফেলে দিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা ছড়িয়ে পড়েছে।

পঞ্জাবের অমৃতসরের মুছাল গ্রামের ঘটনা। এই কাণ্ডের প্রত্যক্ষদর্শী থাকলেন স্থানীয়রাই। বাবা দলবীর সিংকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দলবীর পুলিশকে জানিয়েছেন, দুদিন ধরে তার মেয়ে ঘরে ফেরেনি। বৃহস্পতিবার দিন ফিরে আসে। তখন রাগে মাথার ঠিক রাখতে পারেননি তিনি।

পুলিশ সূত্রে খবর, মেয়েটি বাড়িতে কাউকে কিছু না জানিয়ে, তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। দুদিন পর বাড়ি ফিরে আসে। কিন্তু মেয়ের এই হঠকারিতা মেনে নিতে পারেননি বাবা। পরিবারের সম্মান না রাখার জন্য কঠিন শাস্তি দেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবতীকে একটি মোটরবাইকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কয়েক কিলোমিটার রাস্তা ছেঁচড়ে নিয়ে যায় তার বাবা।

যথেষ্ট গতিতে চলছিল মোটরবাইকটি। পিছনে বাঁধা অবস্থায় রয়েছে ওই নাবালিকা। তাঁর পরনে ছিল একটি হলুদ রঙের সালোয়ার কামিজ। আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রেললাইনের উপর মেয়েটির নিথর দেহ পড়ে রয়েছে। গোটা গায়ে কাদা মাখা। জায়গায় জায়গায় কেটে গিয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান এটি অনার কিলিংয়ের ঘটনা।

নিজের মেয়ের বিরুদ্ধে এমন জঘন্য কাজের জন্য বাবাকে সোশ্যাল মিডিয়ায় ধিক্কার জানিয়েছেন নেটিজেনরা। বর্বরোচিত আচরণের জন্য বাবার কঠিন শাস্তির দাবি উঠেছে।