কল্যান মন্ডলঃ তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল ক্যানিং পূর্বের ঘুটিয়ারী শরিফ এলাকায়। মঙ্গলবার সকালে জীবনতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নারায়ণপুর এলাকায় অভিযান চালায়। সেখানেই তল্লাশি চালিয়ে একটি দলীয় কার্যালয় থেকে মোট ১৮টি ধারালো অস্ত্র, কাঠারি ও চপার উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কার্যালয়টি স্থানীয় তৃণমূল নেতা তথা নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।

প্রাথমিক তদন্তে অনুমান, আসন্ন ভোটকে কেন্দ্র করে এলাকায় অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই এই অস্ত্র মজুত করা হয়েছিল। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতেই পরিকল্পিতভাবে কার্যালয়ে অস্ত্র ঢুকিয়ে ফাঁসানো হয়েছে প্রধানকে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে ওই অস্ত্র সেখানে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে চাপানউতোর।