পুবের কলম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার প্রোটেম স্পিকার পদে শপথ নিলেন তাপস রায়। এদিন রাজ্যপাল তাঁর শপথ বাক্য পাঠ করান। আগামী ১৫ মে শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ বা স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অভিজ্ঞ এই রাজনীতিককেই সম্ভবত স্পিকার পদের জন্য মনোনীত করতে চলেছে নতুন সরকার।
আরও পড়ুন:
মঙ্গলবার লোকভবনে রাজ্যপাল আরএন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান।
তিনিই মুখ্যমন্ত্রীসহ সব বিধায়কদের শপথ নেওয়াবেন। মঙ্গলবার প্রোটেম স্পিকার পদে শপথগ্রহণ শেষে তাপসবাবু জানান, আগামীকাল এবং বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব চলবে। এর পরেই ১৫ মে, শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ বা স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আজ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে প্রোটেম স্পিকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে নবনিযুক্ত কয়েকজন মন্ত্রী এবং জয়ী প্রার্থীরাও হাজির ছিলেন। ক্ষমতার পরিবর্তনের ছাপ এ দিন স্পষ্ট ফুটে উঠেছে বিধানসভা চত্বরেও। মঙ্গলবার সন্ধ্যা হতেই পুরো বিধানসভা ভবন চত্বর গেরুয়া আলোয় ভাসতে দেখা যায়। শুধু মূল ভবনই নয়, লোকভবনের বাইরের নিরাপত্তা বেষ্টনী বা গার্ডরেলেও লেগেছে গেরুয়া রঙের ছোঁয়া। ২৯৪টি আসনের মধ্যে আপাতত ২৯০ জন বিধায়ক আগামী দু’দিনে শপথ নেবেন। ফলতায় নতুন করে নির্বাচন হবে এবং মুখ্যমন্ত্রী ও হুমায়ুন কবীর দু’টি করে আসনে জেতায় আপাতত এই সংখ্যাটি ২৯০।