নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি: তেলেঙ্গানায় একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছে। মায়ের মৃতদেহ আগলে ৯ দিন বসে থাকলেন মেয়েরা। টাকার অভাবে দেহ সৎকার করতে পারেননি তাঁরা।মেয়েরা জানায়, মায়ের শেষকৃত্যের জন্য তাদের কাছে টাকা ছিল না।

বর্তমানে দুই মেয়েকে কাউন্সেলিং করা হচ্ছে।

এমনকি আত্মীয়দের থেকে সাহায্য চাইলেও মুখ ফিরিয়ে নিয়েছিল তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়দিন আগে শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় সি ললিতা নামের এক মহিলার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শ্মশানে নিয়ে যাওয়ার টাকা না থাকায় বাধ্য হয়ে নয়দিন পাশের ঘরে দেহ রেখে অন্য ঘরে থাকলেন মেয়েরা।

বছর চারেক আগে পারিবারিক অশান্তির কারণে মৃতার স্বামী তাঁদের ছেড়ে চলে যান।

তাঁর কোনও খোঁজ মেলেনি। কয়েকদিন আগে ললিতা অশান্তির কারণেই পুরনো বাড়ি থেকে নতুন জায়গায় চলে আসেন। সেখানেই দুই মেয়ের সঙ্গে থাকছিলেন তিনি। মৃতার ২৫ বছরের বড় মেয়ে রভলিকা একটি শাড়ির দোকানে কাজ করেন। ছোট মেয়ে অশ্বিতা ওই রকমই ছোট খাটো কাজ করতেন।

সেই দিয়েই কোনওরকমে সংসার চলত তাঁদের। মেয়েদের টাকায় চিকিৎসা হত ললিতার। তিনি হঠাৎ মারা যাওয়ায় মেয়েদের হাতে টাকা না থাকায় দেহ সৎকার করতে পারেনি বলে জানা গিয়েছে। শুক্রবার তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশে খবর দেন স্থানীয়েরা। তার পরেই পুরো ঘটনার কথা প্রকাশ্যে এসেছে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। সেখান থেকে শ্মশানে নিয়ে যাওয়া হয় দেহ।