পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যে একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেছে নতুন সরকার। এবার রাজ্যের চালু হচ্ছে ১০০ দিনের কাজ বা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প। সোমবার প্রশাসনিক সদর দপ্তর নবান্নে বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক এবং সচিবদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে ১০০ দিনের কাজ চালু করার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও আপাতত বাদ থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ জেলা।
তবে বাকি জেলাগুলিতে দ্রুত এই প্রকল্প চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
ওই দুই জেলাকে আপাতত প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে জানা গিয়েছে, সেখানে আগের সরকারের আমলে ১০০ দিনের কাজে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সেই কারণেই পুরোপুরি তদন্ত শেষে জেলা দুটিতে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করা হবে। আগের সরকারে আমলে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে আগের সরকারের আমলে ১০০ দিনের কাজের প্রকল্পে ভুয়ো জব কার্ড তৈরি করে এবং কাজ না করেই কোটি কোটি টাকা আত্মসাতের মতো ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছিল কেন্দ্রীয় সরকার।
সেই দুর্নীতির অভিযোগের ভিত্তিতেই একসময় রাজ্যে ১০০ দিনের কাজ প্রকল্পে টাকা বরাদ্দ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় কেন্দ্র। গ্রামীণ অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। পরবর্তীতে ১০০ দিনের কাজের কেন্দ্রীয় বরাদ্দের বদলে রাজ্যের তৎকালীন তৃণমূল সরকার নিজস্ব তহবিলের মাধ্যমে ‘কর্মশ্রী’ নামে একটি বিকল্প প্রকল্প শুরু করেছিল। সেই কর্মশ্রী প্রকল্পে জব কার্ড হোল্ডারদের মূলত ৫০ থেকে ৭০ দিনের কাজ দেওয়া হতো। তবে এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর পুনরায় কেন্দ্রীয় প্রকল্পের অধীনেই একশো দিনের কাজ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা রাজ্যের গ্রামীণ শ্রমিকদের জন্য এক বড় স্বস্তির খবর।